কটিয়াদীতে ধানের শীষের প্রার্থীর সঙ্গে সনাতনী ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কটিয়াদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে সনাতনী ধর্মাবলম্বীদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে কটিয়াদী পশ্চিমপাড়া শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ায় অনুষ্ঠিত সভায় আখড়ার সভাপতি বাবু দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিটু ও শফিকুল ইসলাম ফুলু বক্তব্য রাখেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-ধর্মবিষয়ক সম্পাদক বাবু জীবন চন্দ্র দাস, সাংবাদিক বেণী মাধব ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার সাহা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কটিয়াদী উপজেলা শাখার সদস্যসচিব বিপ্লব চন্দ্র রায় নিমাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “আপনারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবেন। বিএনপি ক্ষমতায় এলে যেমন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা দেওয়া হবে, তেমনি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের পুরোহিতদেরও সম্মানী ভাতা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই। আপনারা আমাকে বিজয়ী করলে আপনাদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্ব আমি নিজে নেব। আপনারা নিশ্চিন্তে ও নিরাপদে বসবাস করবেন—কেউ ভয়ভীতি বা হুমকি দিতে পারবে না।”







