শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

ফাঁসির সেল থেকে জাতীয় সংসদে: অভাবনীয় প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ফাঁসির সেল থেকে জাতীয় সংসদে: অভাবনীয় প্রত্যাবর্তন

দীর্ঘদিন কারাগারের ফাঁসির সেলে কাটানোর পর সেখান থেকে মুক্ত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন তিন প্রভাবশালী রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তারা। পৃথক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাবন্দি থাকা এসব নেতা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আদালতে আবেদন করে খালাস পান।

লুৎফুজ্জামান বাবরঃ

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ–মদন–খালিয়াজুরি) আসনে বিএনপির প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি মদন উপজেলার বাড়িবাদেরা এলাকায়। তিনি এর আগে তিনবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৭ বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র জব্দের ঘটনায় দায়ের করা অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন। অন্য একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। পরে সব মামলায় খালাস পাওয়ার পর গত বছরের জানুয়ারিতে কারামুক্ত হন তিনি।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আবদুস সালাম পিন্টুঃ

টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু নির্বাচিত হয়েছেন। তিনি জেলার আটটি আসনের ৪৭ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

পিন্টু পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি বিজয়ী হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন পিন্টু। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে খালাস পান তিনি।

কারাবন্দি অবস্থায় তাঁর অনুপস্থিতিতে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-২ আসনে বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন করেন। দলের নেতারা বলছেন, দুই ভাইয়ের দীর্ঘ ত্যাগেরই প্রতিফলন এই নির্বাচনী ফলাফল।

এটিএম আজহারুল ইসলামঃ

রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আসনটির ১৩৭টি কেন্দ্রে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৯১০ ভোট।

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

গত বছরের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। পরদিন ২৮ মে কারাগার থেকে মুক্তি পান তিনি।

অলিম্পিক ডেতে শরীরচর্চা ও খেলাধুলার আহ্বান সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
অলিম্পিক ডেতে শরীরচর্চা ও খেলাধুলার আহ্বান সেনাপ্রধানের

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্রিয় ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অলিম্পিক আন্দোলনের মূল তিন মূল্যবোধ—এক্সিলেন্স (Excellence), ফ্রেন্ডশিপ (Friendship) ও রেসপেক্ট (Respect)—সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (২৭ জুন) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অলিম্পিক ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ‘You Can Do This, Let’s Move’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের কর্মসূচির মূল লক্ষ্য ছিল ক্রীড়াবিদসহ সর্বস্তরের মানুষকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করা।

সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে র‌্যালিটি শুরু হয়ে এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর ক্রীড়া প্রদর্শনী। পরে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের আরও সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষে র‌্যালি ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী এবং গণমাধ্যমকর্মীসহ দেড় হাজারের বেশি মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।


সবশেষ দেখায় পরাজয়ের তেতো স্বাদ ব্রাজিলের, এবার প্রতিশোধের পালা

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
সবশেষ দেখায় পরাজয়ের তেতো স্বাদ ব্রাজিলের, এবার প্রতিশোধের পালা

গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারিত হয় ‘এফ’ গ্রুপের শেষ দিনের ম্যাচগুলোর পর।

‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় জাপান। বিশ্বকাপের নকআউট সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান।

ফলে আগামী ২৯ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। নকআউট পর্বে টিকে থাকতে জয় ছাড়া অন্য কোনো বিকল্প থাকবে না দুই দলের সামনেই।

শক্তি ও অভিজ্ঞতার বিচারে ব্রাজিলকে এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকেরা। বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে সেলেসাওদের অবস্থান ৬ষ্ঠ, আর জাপান রয়েছে ১৮তম স্থানে। বিশ্বকাপের ইতিহাস, বড় আসরের অভিজ্ঞতা এবং তারকাবহুল স্কোয়াড—সব দিক থেকেই এগিয়ে ব্রাজিল।

তবে পরিসংখ্যান বলছে, জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। দুই দল এ পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৭টিতে জয় পেয়েছে ব্রাজিল, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং মাত্র একবার জয় পেয়েছে জাপান।

আর সেই একমাত্র জয়ই ব্রাজিলের জন্য সতর্কবার্তা। ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল সেলেসাওদের। সেই ম্যাচে অংশ নেওয়া জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন। ফলে তাদের আত্মবিশ্বাসও থাকবে তুঙ্গে।

অন্যদিকে, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপার পথে এগিয়ে যেতে মরিয়া থাকবে ব্রাজিল। নকআউট পর্বের ম্যাচ হওয়ায় শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণাত্মক ফুটবল দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্বকাপের শেষ ৩২-এর এই লড়াইয়ে ব্রাজিলের তারকাবহুল আক্রমণভাগ নাকি জাপানের শৃঙ্খলাবদ্ধ ও দ্রুতগতির ফুটবল—কোনটি শেষ পর্যন্ত জয়ী হবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।

বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত আরও পাঁচ দলের, ইতিহাস গড়ল কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত আরও পাঁচ দলের, ইতিহাস গড়ল কেপ ভার্দে

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত চলমান ফুটবল বিশ্বকাপে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন সমীকরণ। গ্রুপপর্ব এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে আটটি গ্রুপের খেলা শেষ হয়েছে, বাকি রয়েছে চারটি গ্রুপের লড়াই। শনিবার (২৭ জুন) সকালে ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচগুলো শেষে আরও পাঁচটি দল নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে।

সর্বশেষ সমীকরণ অনুযায়ী, পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে। তাদের মধ্যে কেবল প্যারাগুয়ে তিনটি ম্যাচই শেষ করেছে। অন্য চার দলের এখনও একটি করে ম্যাচ বাকি থাকলেও বর্তমান পয়েন্ট ও প্রতিযোগিতার হিসাব অনুযায়ী তাদের নকআউট নিশ্চিত হয়েছে।

‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেও রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে।

একই সঙ্গে এই গ্রুপ থেকেই বিদায় নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও সৌদি আরব। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় উরুগুয়ে, আর কেপ ভার্দের বিপক্ষে জয় না পাওয়ায় বিদায় নিশ্চিত হয় সৌদি আরবের।

‘এইচ’ গ্রুপের খেলা শেষ হওয়ার পর অন্যান্য গ্রুপের সমীকরণেও বড় পরিবর্তন এসেছে। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন গ্রুপে ন্যূনতম চার পয়েন্ট পাওয়া পাঁচটি দল নিশ্চিতভাবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে।

তাদের মধ্যে প্যারাগুয়ে ‘ডি’ গ্রুপে তিন ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। একই গ্রুপে শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সমান চার পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আগেই নকআউট নিশ্চিত করেছে। গ্রুপটির শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

অন্যদিকে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা ও মিসরের এখনও একটি করে ম্যাচ বাকি রয়েছে। চার দলই বর্তমানে চার পয়েন্ট নিয়ে নিজ নিজ গ্রুপে অন্তত তৃতীয় স্থানে থাকার নিশ্চয়তা পেয়েছে। ফলে শেষ ম্যাচের ফল যাই হোক না কেন, তাদের নকআউটে ওঠা নিশ্চিত।

তবে শেষ ম্যাচে জয় বা ড্র করলে শুধু নকআউট নয়, নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হওয়ার সুযোগও থাকবে দলগুলোর সামনে। অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগাল এবং হ্যারি কেইনদের ইংল্যান্ড এখনও গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে রয়েছে।

এদিকে তিন বা তার কম পয়েন্ট নিয়ে এখনও নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে কয়েকটি দল। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া (গ্রুপ ‘এ’), স্কটল্যান্ড (গ্রুপ ‘সি’) এবং সেনেগাল (গ্রুপ ‘আই’)। তাদের ভাগ্য নির্ভর করছে শেষ ম্যাচের ফলাফল এবং অন্যান্য গ্রুপের সমীকরণের ওপর।

অন্যদিকে, মাত্র তিন পয়েন্ট নিয়েও গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে বিশ্বকাপে অভিষেকেই নতুন ইতিহাস গড়েছে কেপ ভার্দে।