কাঠ ব্যবসায়ী হানিফ হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর আনন্দবাজার এলাকায় কাঠ ব্যবসায়ী মোহাম্মদ হানিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং প্রধান অভিযুক্ত জাকির হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
শনিবার সকালে ফরিদপুর আনন্দবাজার এলাকায় স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধন শেষে আনন্দবাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় কর্মসূচিস্থলে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা “হানিফ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “খুনি জাকিরের বিচার চাই”, “হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করো”সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নিহত মোহাম্মদ হানিফ এলাকায় একজন পরিচিত ও সৎ কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকেই শোকাহত করেনি, পুরো এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
সমাবেশে স্থানীয় বিএনপির নেতারা বলেন, “মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
মানববন্ধনে অংশ নিয়ে নিহত হানিফের ছেলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।”
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, অবিলম্বে প্রধান অভিযুক্ত জাকির হোসেনসহ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতার করা না হলে সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করতে পারে।







