মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে রামপুরে সচেতনতামূলক আলোচনা সভা
মাদকমুক্ত সমাজ ও নিরাপদ প্রজন্ম গঠনের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর গ্রামে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, মাদকমুক্ত রাষ্ট্র গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপুর এলাকাবাসীর উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
শুক্রবার (২৬ জুন) রাতে এশার নামাজের পর রামপুর বাজারের ধানমহল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রামপুর বাজার কমিটির সাবেক সভাপতি শাহজাহান আমির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম।
সভায় বক্তারা “হয় মাদক ছাড়ো, নয়তো রামপুর গ্রাম ছাড়ো”—এই স্লোগান তুলে ধরে বলেন, রামপুরকে কোনোভাবেই মাদক ও জুয়ার অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া হবে না। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য এ গ্রামে কোনো স্থান নেই।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ—এই চারটি সামাজিক অপরাধ আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। পুলিশ প্রশাসন নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। তবে জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “রামপুরবাসী যে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের বিষয়ে তথ্য দিন, পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, জুয়ার কারণে পারিবারিক অস্থিরতা, ইভটিজিংয়ের ফলে নারীর শিক্ষা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব এবং বাল্যবিবাহের সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতিকর দিক তুলে ধরেন।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশের লোগোসংবলিত ব্যানারে সিগারেট, ইয়াবা, মাদক ইনজেকশন ও মদের বোতলের প্রতীকী ছবি প্রদর্শনের মাধ্যমে তরুণদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, “আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষকে একযোগে কাজ করতে হবে।”
সভা শেষে এলাকাবাসী সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্তগুলো হলো—
- রামপুর গ্রামকে মাদক ও জুয়ামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
- কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে এলাকায় আশ্রয় দেওয়া হবে না।
- ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
- সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে দ্রুত থানা পুলিশকে অবহিত করা হবে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর রামপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের আশা, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে রামপুর মাদকবিরোধী সামাজিক আন্দোলনের একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে গড়ে উঠবে।




