বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
[gtranslate]
বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

কুলিয়ারচরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমে জোর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কুলিয়ারচরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমে জোর

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। মঙ্গলবার (৭ জুলাই) দিনব্যাপী সফরে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন, অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও মাদক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সফরের শুরুতে জেলা প্রশাসক কুলিয়ারচর থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরিলক্ষিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে তিনি কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সময় কাটান, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং মিড-ডে মিল কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় তিনি উপজেলার শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পাঠদান, খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিতকরণ, ভাঙাচোরা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি অভিভাবকদের আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সফরকালে জেলা প্রশাসক উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। পরে উপজেলা পর্যায়ের বিভিন্ন কৃতী মাধ্যমিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে তোলায় বিশেষ অবদান রাখায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এদিন তিনি উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রশাসন স্কুল এবং উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা প্রশাসকের সার্বিক সফর কর্মসূচি সমন্বয় করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

করিমগঞ্জের হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
করিমগঞ্জের হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা যাত্রীদের তিনটি মোবাইল ফোন, নগদ টাকা এবং নৌকার সোলার প্যানেলের ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাতরা।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকায় থাকা শিশুটির দাদা আবদুল হক জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সী কন্যাশিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নৌকাযোগে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।

তিনি বলেন, করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের একটি ডাকাতদল তাদের পথরোধ করে। পরিবারের সদস্যরা অনেক অনুরোধ করে জানান, নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে। কিন্তু ডাকাতরা কোনো কথা না শুনে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও সুইজগেট এলাকায় ডাকাতরা নৌকায় উঠে সোলার প্যানেলের ব্যাটারিও খুলে নিয়ে যায়। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা লুট করে তারা দ্রুত পালিয়ে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

চামড়াঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

করিমগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
করিমগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

গ্রেপ্তার হওয়া নারী হলেন মানিকগঞ্জ জেলার বাসিন্দা নাজমা আক্তার (৩৮)।

র‌্যাব জানায়, সরকারের ঘোষিত মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গিবাদ দমন এবং বিভিন্ন অপরাধ দমনে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে র‌্যাব সদস্যরা ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন নাজমা আক্তার। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হলে তিনি নিজের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন বলে র‌্যাব জানায়।

তার দেওয়া তথ্য ও দেখানো মতে একটি ট্রাভেলিং ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাবের দাবি, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মিঠামইনের আলোচিত হত্যা মামলায় র‌্যাবের জালে দুই আসামি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
মিঠামইনের আলোচিত হত্যা মামলায় র‌্যাবের জালে দুই আসামি

কিশোরগঞ্জের মিঠামইন থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা সাহাবুদ্দিন (৩৫) ও সিদ্দিক মিয়া (২৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটের দিকে নরসিংদী জেলার শিবপুর মডেল থানার ইটখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব-১৪-এর কিশোরগঞ্জ সিপিসি-২ এবং র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

অভিযানে মিঠামইন থানায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১০ জুন কাটখাল গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ভাগিনা নাদিম প্রতিবেশীর বাড়িতে ক্যারাম খেলতে গেলে স্থানীয়ভাবে বিরোধের সৃষ্টি হয়। পরদিন রাতে স্থানীয়দের উদ্যোগে বিষয়টি মীমাংসার জন্য নুরুল ইসলাম তার বোন মধুবালা ও ভাগিনাকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মধুবালা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৬ জুন মিঠামইন থানায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকেই র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর শিবপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41