বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

মিঠামইনের আলোচিত হত্যা মামলায় র‌্যাবের জালে দুই আসামি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মিঠামইনের আলোচিত হত্যা মামলায় র‌্যাবের জালে দুই আসামি

কিশোরগঞ্জের মিঠামইন থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার দুই পলাতক আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা সাহাবুদ্দিন (৩৫) ও সিদ্দিক মিয়া (২৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটের দিকে নরসিংদী জেলার শিবপুর মডেল থানার ইটখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‌্যাব-১৪-এর কিশোরগঞ্জ সিপিসি-২ এবং র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

অভিযানে মিঠামইন থানায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১০ জুন কাটখাল গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ভাগিনা নাদিম প্রতিবেশীর বাড়িতে ক্যারাম খেলতে গেলে স্থানীয়ভাবে বিরোধের সৃষ্টি হয়। পরদিন রাতে স্থানীয়দের উদ্যোগে বিষয়টি মীমাংসার জন্য নুরুল ইসলাম তার বোন মধুবালা ও ভাগিনাকে নিয়ে অভিযুক্তদের বাড়িতে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মধুবালা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৬ জুন মিঠামইন থানায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর থেকেই র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর শিবপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিকলী থানা হাজতে ফাঁস নিয়ে এক আসামীর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

শেখ উবাইদুল হক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
নিকলী থানা হাজতে ফাঁস নিয়ে এক আসামীর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

Exif_JPEG_420

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে এক ওয়ারেন্টভুক্ত আসামির ফাঁস নিয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত রুবেল (২২) উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের রাজা হাওলাদারের ছেলে। তিনি তার বাবার দায়ের করা একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল বাড়িতে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে নিকলী থানা হাজতে রাখা হয়।

পুলিশ জানায়, আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ শেষে বেলা ১১টার দিকে দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এএসআই শেফালী আক্তার হাজতখানায় গিয়ে রুবেলকে তার পরিহিত শার্টের সাহায্যে হাজতখানার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে অবহিত করেন।

খবর পেয়ে ওসি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুরতহালকালে মৃতদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুবেল তার বাবার দায়ের করা একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তাকে আটক করা হয়েছিল।

তিনি আরও বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী রুবেল নিয়মিত মাদক সেবন করতেন এবং তার আচরণে অতিষ্ঠ হয়ে তার বাবা মামলাটি দায়ের করেছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সুরক্ষায় সচেতনতার বার্তা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সুরক্ষায় সচেতনতার বার্তা

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসতিয়াক ইমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

অনুষ্ঠানে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, পরিবেশবাদী সংগঠনের সদস্য, রোভার স্কাউট, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক ও স্থানীয় ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক দূষণ কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার, সনদপত্র এবং গাছের চারা তুলে দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

করিমগঞ্জের হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
করিমগঞ্জের হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে একটি লাশবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা যাত্রীদের তিনটি মোবাইল ফোন, নগদ টাকা এবং নৌকার সোলার প্যানেলের ব্যাটারি লুট করে নিয়ে যায় ডাকাতরা।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও সুইজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকায় থাকা শিশুটির দাদা আবদুল হক জানান, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সী কন্যাশিশু জন্মের পর অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এরপর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে নৌকাযোগে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।

তিনি বলেন, করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের একটি ডাকাতদল তাদের পথরোধ করে। পরিবারের সদস্যরা অনেক অনুরোধ করে জানান, নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে। কিন্তু ডাকাতরা কোনো কথা না শুনে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও সুইজগেট এলাকায় ডাকাতরা নৌকায় উঠে সোলার প্যানেলের ব্যাটারিও খুলে নিয়ে যায়। এ ছাড়া যাত্রীদের কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা লুট করে তারা দ্রুত পালিয়ে যায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

চামড়াঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41