পিরোজপুরে বিএনপির সমাবেশ, ১৬ আগস্টের কর্মসূচি সফল করার ডাক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে নির্ধারিত সমাবেশকে সফল করার লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে পিরোজপুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল রশিদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, সাবেক চেয়ারম্যান কাইয়ুম খান হেলাল, জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট মো. শাহ আলম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল করিম, উপজেলা বিএনপির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মো. কাজল ভূঁইয়া, পৌর বিএনপির নেতা মো. জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রনি ভূঁইয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা আশরাফ। এ সময় পিরোজপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর-নিকলী আসনে বিএনপির প্রার্থীকে পরাজিত করা হয়েছে। আগামী সাড়ে চার বছর পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলকে সুসংগঠিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির একই স্থানে পৃথক ইউনিয়ন বিএনপির সমাবেশের ডাক দেওয়ায় শুক্রবার রাত থেকেই পিরোজপুর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শহিদুল্লাহর নেতৃত্বে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পুলিশ থেকে প্রায় ৪০ জন এবং বাজিতপুর থানা থেকে আরও ৩৫ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে কর্মী সমাবেশ শেষ হয়। সমাবেশ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array