রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়। তাঁর পরিবর্তে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
আদেশ জারির পর রাজশাহী ছাড়েন ইউসুফ আলী। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান। এ সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে তাঁর দিকে ঝুঁকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে আলোচনা চলছে। এর পরপরই তাঁকে বদলি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় ইউসুফ আলী করমর্দনের পর তাঁর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি রাষ্ট্রাচার বা প্রটোকল ভেঙেছেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টায় তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে রাজশাহী যান। রাজশিয়ার কর্মসূচি শেষে রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তিনি।













Disqus comments are not configured yet.