রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জ্বালানি অ্যাসেম্বলিবাহী লরিগুলো প্রকল্পের ভেতরে প্রবেশ করে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় বিকল্প পথে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়ামের চালানটি বাংলাদেশে আনা হয়। গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
রাশিয়ার রোসাটমের নভোসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেটস প্লান্টে তৈরি ফুয়েল অ্যাসেম্বলিগুলো বিকিরণ প্রতিরোধী চারটি কনটেইনারে করে সুরক্ষিত ‘গ্রিন করিডর’ দিয়ে রূপপুরে নেওয়া হয়।
পরিবহনের সময় রাশিয়ার বিশেষজ্ঞ ও বাংলাদেশের প্রকল্পসংশ্লিষ্ট সদস্যরা বহরের সঙ্গে ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে গত ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর আগে ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার চূড়ান্ত অনুমোদন দেয়।
কেন্দ্রটিতে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ প্রযুক্তির চুল্লি ব্যবহার করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।













Disqus comments are not configured yet.