পিরোজপুরে হরিণের ২০ কেজি মাংস পাচারের অভিযোগে গ্রেপ্তার ২
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেলে করে হরিণের মাংস বহনের সময় ২০ কেজি মাংসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুৎ বিভাগে চাকরি করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হৃদয় চাকলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে বহেরাতলা এলাকায় অভিযান চালান। এ সময় মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়।
পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় মাংস ও মোটরসাইকেলটি জব্দ করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করেছে।







Disqus comments are not configured yet.