ইটনায় ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের পাঁচ দিন পর মৃত্যু
কিশোরগঞ্জের ইটনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিন কিশোর শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় নাঈম (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পাঁচ দিন পর সোমবার (১০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাঈম ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের মুদিরগাঁও গ্রামের ইছুব মিয়ার ছেলে। সে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বিদ্যালয় ছুটির পর নাঈম, মুসাঈন ও রাহাত একসঙ্গে বাড়ি ফিরছিল। তারা মুদিরগাঁও এলাকার সড়কে পৌঁছালে একই এলাকার আকাশ (১৫) ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
হামলায় নাঈমের বুক ও পেটে গুরুতর জখম হয়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অপর দুই শিক্ষার্থী মুসাঈন (১৬) ও রাহাত (১৭) বর্তমানে পরিবারের সঙ্গে রয়েছে। রাহাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
নাঈমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, অভিযুক্ত আকাশ এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে তার বিরুদ্ধে আগের এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খাঁন বলেন, এ ঘটনায় নয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি হামলার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নাঈমের মৃত্যুর পর মামলাটির তদন্ত ও আইনগত প্রক্রিয়াও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array