তারুণ্যের যুক্তিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কুলিয়ারচরে বিতর্ক প্রতিযোগিতা
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ইশতেহাদ আহমেদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লীলা রাণী সাহা, মো. নাঈমুজ্জামান নাঈম ও আলী হায়দার শাহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, মুছা মিয়া উচ্চ বিদ্যালয়, ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্ক প্রতিযোগিতায় লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
কুলিয়ারচর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক রফিকুল বাহার প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, কুলিয়ারচর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মাসুদ রানা এবং উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান।
আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা, নৈতিক মূল্যবোধ ও সততার চর্চা গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার মূল লক্ষ্য। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা বাড়ানোরও সুযোগ তৈরি হয়।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array