কুলিয়ারচরে সিএনজি-ট্রলির সংঘর্ষে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ল, আহত যাত্রী
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে কুলিয়ারচর ডাকবাংলো মোড় থেকে বাজারমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কুলিয়ারচর বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং এর কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
সংঘর্ষের জোরালো ধাক্কায় সড়কসংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এতে দুর্ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।
এ দুর্ঘটনার পর কুলিয়ারচরের সড়ক নিরাপত্তা নিয়ে আবারও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ভোরের দিকে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম ছাড়া চালকেরা যানবাহন চালানোর কারণে অনেক সময় একাগ্রতা হারান, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।
এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের হাতে ট্রলি ও অটোরিকশার নিয়ন্ত্রণ থাকায় সড়কে ঝুঁকি আরও বাড়ছে বলে অভিযোগ করেন তারা। এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর নজরদারিরও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি কুলিয়ারচরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রলিসহ অবৈধ যানবাহনের চলাচল বন্ধ, চালকদের দক্ষতা যাচাই এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array