নতুন রাষ্ট্রপতির শপথ: ছয় কমিটি গঠন মন্ত্রিপরিষদ বিভাগের
নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুষ্ঠু, সুচারু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ছয়টি কমিটির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে গঠন করা হয়েছে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি।
সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে গঠন করা হয়েছে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি।
কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে গঠন করা হয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি। আর আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটিগুলো প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে পারবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা আহ্বান করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
এ ছাড়া উপকমিটির আহ্বায়কেরা তাঁদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array