ফল প্রকাশের অপেক্ষায় থাকা এসএসসি পরীক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু
মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রদীপ কুমার (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সজিব কুমার মণ্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রদীপ খাজুরা এলাকার পূর্বাস কুমারের ছেলে। তিনি এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন তিনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রদীপ, সজিব ও সাগর তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নাগড়া বাজারের একটি ফটোকপির দোকানে যাচ্ছিলেন। পথে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে যান তারা। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রদীপ কুমারকে মৃত ঘোষণা করেন। আহত সজিব ও সাগরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত প্রদীপের পরিবার কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় প্রদীপের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
কান্নাজড়িত কণ্ঠে প্রদীপের বাবা পূর্বাস কুমার বলেন, ‘নিজের রেজাল্টের খবর জানার আগে আমার ছেলেটা চলে গেল। মাত্র কয়েকদিন আগে আমার বাড়িতে আগুন লেগে সব পুড়ে যায়। এত কষ্ট আমি কীভাবে সইব।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array