ক্লিন ক্যাম্পাস গঠনে ইবির দোকানিদের নির্দেশনা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লিন ক্যাম্পাস গঠনে ক্যাম্পাসের দোকানিদের সঙ্গে আলোচনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দোকানিদের পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, এস্টেট অফিসের প্রধান মো. আলাউদ্দীনসহ ক্যাম্পাসের দোকানিরা।
আলোচনা সভায় প্রশাসনের পক্ষ থেকে দোকানিদের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—সব দোকানিকে পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরি করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় তথ্য সাদা কাগজে লিখে প্রশাসনের কাছে জমা দিতে হবে।
দোকানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডাবের খোসা ও পলিথিন নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। নোংরা কাপড় পরিধান করে ক্যাম্পাসে দোকানদারি করা যাবে না।
এ ছাড়া টিনের চালায় গাছের পাতা জমলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে। পলিথিনের চালে পানি জমতে দেওয়া যাবে না। মাদকের সঙ্গে কারও ন্যূনতম সংশ্লিষ্টতা রাখা যাবে না বলেও দোকানিদের নির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং দোকানগুলোর কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই দোকানিদের সঙ্গে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array