শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতের মাধ্যমে অভিযান ও বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মারিয়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত এম এম খান ফুডসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

তিন প্রতিষ্ঠান থেকেই জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরাঁ, কাচ্চি ভাই, হোটেল খাওয়া-দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাঁড়ি রেস্তোরাঁসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানে পাওয়া অসংগতিগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান এবং কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার। আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল।

এ সময় পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের পৃথক দল অভিযানে সহযোগিতা করে।

হোসেনপুরে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
হোসেনপুরে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা, হোসেনপুর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা-২০২৬-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার গোবিন্দপুর চাইল্ড কেয়ার আদর্শ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জ্বল সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হোসেনপুর উপজেলা শাখা ও মডেল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, এসারডি কলেজ হোসেনপুরের অধ্যাপক সৈয়দুজ্জামান পলাশ, মধ্য গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুয়েল, রায়পাশা মফিজ উদ্দিন মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য সিদ্দিক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, চাইল্ড কেয়ারে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম সিদ্দিক চঞ্চল বলেন, “আজকের এই উপহার যারা পেয়েছ, আগামী দিনে আরও ভালো পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা। তোমাদের হাত ধরেই এই দেশ এগিয়ে যাবে। তোমাদের মাধ্যমে বাংলাদেশ একদিন সমৃদ্ধশালী ও সুন্দর দেশে রূপ নেবে।”

অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন চাইল্ড কেয়ার প্রি-কিন্ডারগার্টেনের পরিচালক মাজহারুল ইসলাম। চাইল্ড কেয়ার আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোছা. লিমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

বাজিতপুরে ১৯ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
বাজিতপুরে ১৯ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের বাজিতপুরে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি জানায়, বাংলাদেশ সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি কঠোর ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গি দমন ও তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ডালিম (৫০), শিল্পী (৪০), নার্গিস (২০) ও পাবেল মিয়া (২৬)। তাঁদের ঠিকানা কিশোরগঞ্জ জেলায় বলে জানানো হয়েছে।

এসআরবি-১৪ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের বাজিতপুর থানার বাহেরনগর গ্রামে জনৈক ওয়াসিমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই চারজনকে আটক করা হয়।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাঁদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এসআরবি। পরে তাঁদের দেওয়া তথ্য ও দেখানো মতে, প্লাস্টিকের বস্তার ভেতরে বিশেষ কায়দায় রাখা ১৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযান থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

বিশ্ব সাইবার প্রতিযোগিতার ফাইনালে তাড়াইলের মাহি

রুহুল আমিন প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
বিশ্ব সাইবার প্রতিযোগিতার ফাইনালে তাড়াইলের মাহি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তরুণ মাহি আলম (রাতুল) এবার আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘ব্ল্যাক হ্যাট এমইএ ২০২৬ ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF)’-এর ফাইনালে বাংলাদেশের পাঁচটি দলের একটি দলের সদস্য হিসেবে অংশ নেবেন তিনি।

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির ফাইনাল। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত ১৫০টি দল সরাসরি এই আন্তর্জাতিক সাইবার প্রতিযোগিতায় মুখোমুখি হবে।

ব্ল্যাক হ্যাট এমইএ ২০২৬ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সাইবার নিরাপত্তা দল অংশ নেবে। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা অঙ্গনের অন্যতম আলোচিত এই আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে ব্যাপক আগ্রহ।

বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া মাহি আলম (রাতুল) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি তাড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আশরাফুল আলম রুবেলের ছেলে।

ব্ল্যাক হ্যাট CTF-এর ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোকে বিভিন্ন বাস্তবভিত্তিক সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে ওয়েব এক্সপ্লয়টেশন, সিস্টেম এক্সপ্লয়টেশন/পিডব্লিউএন, ডিজিটাল ফরেনসিকস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ক্রিপ্টোগ্রাফি এবং অ্যাটাক হ্যাকিংসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ।

এসব চ্যালেঞ্জে প্রতিযোগীদের ভালনারেবিলিটি ডিসকভারি, এক্সপ্লয়টেশন, সিস্টেম অ্যানালাইসিস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ফরেনসিক ইনভেস্টিগেশন এবং অফেন্সিভ সিকিউরিটিসংক্রান্ত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।

বিশ্বের বিভিন্ন দেশের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত ১৫০টি দলের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ বাংলাদেশের তরুণ সাইবার নিরাপত্তা প্রতিভাদের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

তাড়াইলের মাহি আলমের এমন আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণে আনন্দিত তাঁর পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর এই অর্জনে গর্বিত তাড়াইলবাসীও। স্থানীয়দের প্রত্যাশা, রিয়াদের আন্তর্জাতিক মঞ্চে নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে বাংলাদেশের পাশাপাশি তাড়াইলের নামও বিশ্বদরবারে তুলে ধরবেন মাহি আলম (রাতুল)।

তাড়াইলের মাটি থেকে রিয়াদের বিশ্বমঞ্চ—বিশ্বের নির্বাচিত ১৫০ দলের সঙ্গে সাইবার লড়াইয়ে এবার বাংলাদেশের হয়ে অংশ নেবেন মাহি আলম।