ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, আগে ভালো মানুষ হতে হবে: হাসনাত আব্দুল্লাহ
সবাইকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়; তবে যে যেই পেশায় থাকুক না কেন, সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও বোর্ড বৃত্তিপ্রাপ্ত এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্কুলে শিক্ষক এবং বাসায় অভিভাবকদের তত্ত্বাবধানে তারা এতদিন পড়ালেখা করেছে। কিন্তু কলেজজীবনে এই তত্ত্বাবধান আর থাকবে না। তখন নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কলেজজীবন। এ সময়ে অতিরিক্ত স্বাধীনতার অপব্যবহার করলে ভবিষ্যৎ সুখকর হবে না। আর সময়কে লেখাপড়ায় কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
নিজ বিদ্যালয়ের শিক্ষকদের স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকরা তাঁদের তারুণ্য শিক্ষার্থীদের পেছনে ব্যয় করে আজ বার্ধক্যে পৌঁছেছেন। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্তত এই প্রতিশ্রুতি দেওয়া উচিত যে, কখনো মাদকের সঙ্গে জড়ানো যাবে না। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে তাঁর আহ্বানে একাত্মতা প্রকাশ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান মুন্সীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুরুন্নাহার বেগম ও আতিকুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয়ের অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুস সবুর এবং বিদ্যালয়ের সাবেক শিফট ইনচার্জ জামাল মোহাম্মদ কবীর।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।
এদিকে, একই দিন সকালে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তাঁর নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন এবং সরকারি হাসপাতাল পরিদর্শন করেন। বিকেলে সুলতানপুর ইউনিয়নে একটি মাদ্রাসা কমপ্লেক্সের ভবন উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array