বিশ্ব সাইবার প্রতিযোগিতার ফাইনালে তাড়াইলের মাহি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তরুণ মাহি আলম (রাতুল) এবার আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘ব্ল্যাক হ্যাট এমইএ ২০২৬ ক্যাপচার দ্য ফ্ল্যাগ (CTF)’-এর ফাইনালে বাংলাদেশের পাঁচটি দলের একটি দলের সদস্য হিসেবে অংশ নেবেন তিনি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির ফাইনাল। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের মধ্য থেকে নির্বাচিত ১৫০টি দল সরাসরি এই আন্তর্জাতিক সাইবার প্রতিযোগিতায় মুখোমুখি হবে।
ব্ল্যাক হ্যাট এমইএ ২০২৬ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সাইবার নিরাপত্তা দল অংশ নেবে। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা অঙ্গনের অন্যতম আলোচিত এই আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে ব্যাপক আগ্রহ।
বিশ্বমঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া মাহি আলম (রাতুল) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি তাড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আশরাফুল আলম রুবেলের ছেলে।
ব্ল্যাক হ্যাট CTF-এর ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোকে বিভিন্ন বাস্তবভিত্তিক সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে রয়েছে ওয়েব এক্সপ্লয়টেশন, সিস্টেম এক্সপ্লয়টেশন/পিডব্লিউএন, ডিজিটাল ফরেনসিকস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ক্রিপ্টোগ্রাফি এবং অ্যাটাক হ্যাকিংসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ।
এসব চ্যালেঞ্জে প্রতিযোগীদের ভালনারেবিলিটি ডিসকভারি, এক্সপ্লয়টেশন, সিস্টেম অ্যানালাইসিস, রিভার্স ইঞ্জিনিয়ারিং, ফরেনসিক ইনভেস্টিগেশন এবং অফেন্সিভ সিকিউরিটিসংক্রান্ত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।
বিশ্বের বিভিন্ন দেশের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত ১৫০টি দলের সঙ্গে একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ বাংলাদেশের তরুণ সাইবার নিরাপত্তা প্রতিভাদের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
তাড়াইলের মাহি আলমের এমন আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণে আনন্দিত তাঁর পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর এই অর্জনে গর্বিত তাড়াইলবাসীও। স্থানীয়দের প্রত্যাশা, রিয়াদের আন্তর্জাতিক মঞ্চে নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে বাংলাদেশের পাশাপাশি তাড়াইলের নামও বিশ্বদরবারে তুলে ধরবেন মাহি আলম (রাতুল)।
তাড়াইলের মাটি থেকে রিয়াদের বিশ্বমঞ্চ—বিশ্বের নির্বাচিত ১৫০ দলের সঙ্গে সাইবার লড়াইয়ে এবার বাংলাদেশের হয়ে অংশ নেবেন মাহি আলম।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array