আইন পাসের অপেক্ষায় জকসু নির্বাচন, আসছে প্রস্তুতি কমিটি
মোস্তাকিম, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে আহ্বায়ক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।
অফিস আদেশে আরও বলা হয়, গঠিত কমিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সংক্রান্ত বিধি পাস না হওয়া পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পাদন করবে।
উল্লেখ্য, এর আগে গত ১৬ সেপ্টেম্বর জকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করে। পরদিন ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসুর রোডম্যাপ প্রকাশ করে জানায়, আইন পাস হওয়ার পরই তা বাস্তবায়ন করা হবে। ওই রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন এবং ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array