২ বছর পর সিজারিয়ান শুরুর দিনেই পাকুন্দিয়ায় কন্যা শিশুর জন্ম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশন (সিজার) সেবা। মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালে সফলভাবে একটি সিজার অপারেশন সম্পন্ন হয়েছে। একই দিনে করা হয়েছে আরও একটি ডি অ্যান্ড সি (D&C) অপারেশন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পুনরায় চালু হওয়া সিজার সেবার প্রথম দিনেই উপজেলার চণ্ডীপাশা এলাকার লিজা (৩০) নামের এক নারী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব জানান, প্রতি মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে। পাশাপাশি প্রতিদিন স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারির সেবা চালু রয়েছে।
তিনি আরও জানান, প্রসবকালীন যেকোনো জটিলতায় গর্ভবতী নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতেও সিজারসহ অন্যান্য অপারেশন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পাকুন্দিয়াবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি হাসপাতালে বিনামূল্যে সিজার সেবা পুনরায় চালু হওয়ায় স্থানীয় গর্ভবতী নারী ও তাঁদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে।







Disqus comments are not configured yet.