পাকুন্দিয়ায় বাড়ি দখল ও লুটপাটের অভিযোগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক যুবদল নেতার বিরুদ্ধে কৃষক পরিবারের ওপর হামলা চালিয়ে বসতবাড়ি দখল, লুটপাট এবং জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন পাকুন্দিয়া থানায় যুবদল নেতা হারুনসহ ১২ জনের নামে লিখিত অভিযোগ (এজাহার) দাখিল করেছেন। সাবিনা ওই গ্রামের মৃত কাশের মিয়ার স্ত্রী।
সাবিনা ইয়াসমিন জানান, চরকাওনা মৌজায় তাদের বাড়িসহ প্রায় ৭৩ শতক জমি রয়েছে। স্বামী দেড় বছর আগে মারা যাওয়ার পর থেকেই স্থানীয় যুবদল নেতা মো. হারুন, বাদল মিয়া, বকুল মিয়া এবং বকুল মিয়ার দুই ছেলে কালাম মিয়া ও আকরাম হোসেনসহ কয়েকজন তাদের জমি দখলের চেষ্টা করে আসছে।
গত শুক্রবার দুপুরে হারুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী কয়েকজন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সীমানার বেড়া, ঘরের টিনের দেয়াল, দরজা–জানালা ভাঙচুর করা হয়। প্রাণের ভয়ে তিনি সন্তানদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা পাঁচ ভরি স্বর্ণালংকার, ঘর নির্মাণের জন্য রাখা ৬ লাখ টাকা এবং অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। এমনকি তাদের জমির ধানও কেটে নিয়ে গেছে। বাধা দিতে গেলে পাশের আত্মীয় বিল্লাল মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পরে হামলাকারীরা বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে পরিবারের বের হওয়ার পথ বন্ধ করে দেয়। ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেড়ার কিছু অংশ খুলে দেয়।
সাবিনা ইয়াসমিনের শাশুড়ি রেজিয়া খাতুন ও দেবর কফিল উদ্দিন বলেন, প্রতিবেশী বকুল মিয়াদের জায়গা তারা ১৯৭৯ সালে দলিলমূলে কিনেছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন। তাদের নামে আরএস রেকর্ডও হয়েছে। কিন্তু কিছুদিন ধরে ওই পরিবার জমির মালিকানা দাবি করে দখলের প্রস্তুতি নিচ্ছিল। তাদের অভিযোগ—হারুন যুবদলের নেতা হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড করছেন।
অভিযোগ অস্বীকার করে জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হারুন বলেন,
“সাবিনাদের পরিবার প্রভাবশালী। তারা ৪৬ বছর ধরে আমাদের জমি দখলে রেখেছে। এই জায়গা নিয়ে বহু সালিশ হয়েছে। আমরা সালিশি সিদ্ধান্ত মানলেও তারা মানে না।”
পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন,
“অভিযোগটি তদন্তসাপেক্ষে মামলা হিসেবে রেকর্ড করা হবে।”














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array