মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বাজিতপুর পৌরশহরে বৈদ্যুতিক তার ও মিটার চুরির আতঙ্ক

বাজিতপুর প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাজিতপুর পৌরশহরে বৈদ্যুতিক তার ও মিটার চুরির আতঙ্ক

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পৌরশহরে বৈদ্যুতিক সার্ভিস তার, এসির তার ও বৈদ্যুতিক মিটার চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে পৌরশহরের বাজার, আশপাশের আবাসিক এলাকা এবং মসজিদ-মাদ্রাসা থেকে লক্ষাধিক টাকার তার ও ৮ থেকে ১০টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলায় এমন কোনো জায়গা নেই যেখান থেকে প্রশিক্ষিত চোরচক্র বৈদ্যুতিক খুঁটি ও বাড়িঘর থেকে সার্ভিস তার, মিটার ও ট্রান্সফরমার চুরি করছে না। ফলে সাধারণ মানুষ ও আবাসিক গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে সরকারি অফিস-আদালত, বাসাবাড়ি এবং মসজিদ-মাদ্রাসা থেকে এসির তার বেশি চুরি হচ্ছে।

স্থানীয়দের ধারণা, যারা এই চুরি করছে তারা হয় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সম্পৃক্ত, নয়তো প্রশিক্ষিত কোনো চোরচক্র। কারণ বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সাধারণ চোরদের পক্ষে এটি সম্ভব নয়।

এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করে অনেক সময় নিজেরাই নতুন সংযোগ নিয়ে থাকেন, যা আইনগত ব্যবস্থায় বাধা সৃষ্টি করছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এক শ্রেণির প্রশিক্ষিত চোর থ্রি-ফেজ মিটার চুরি করে গ্রাহকদের ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে টাকা আদায় করছে। গত এক মাসে ২০ থেকে ২৫টি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বাজিতপুর থানায় একাধিক মামলা হয়েছে।

বাজিতপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মিল-কারখানা ও কৃষকের গভীর নলকূপে ব্যবহৃত থ্রি-ফেজ মিটার চুরি করছে একটি চক্র। চুরি করা মিটারের বোর্ডে তারা মোবাইল নম্বর লিখে রেখে যায় এবং ওই নম্বরে সাত হাজার থেকে দশ হাজার টাকা দিলে মিটার ফেরত দেওয়ার প্রস্তাব দেয়। চলতি মাসেই এ ধরনের ঘটনায় থানায় ১০টির বেশি মামলা হয়েছে। তবুও চোরচক্রের তৎপরতা থামেনি। প্রায় প্রতিরাতেই কোথাও না কোথাও চুরি হচ্ছে।

পৌরশহরের বাসিন্দা মামুন জানান, গত সপ্তাহে তার বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে সব তার কেটে নিয়ে যায় চোরেরা। এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়। পাগলারচর গ্রামের আবদুল করিমের মিটারও সম্প্রতি চুরি হয়েছে। ভুক্তভোগীরা জানান, নতুন মিটার বসালেও পরদিন সেটিও চুরি হয়ে যায়। তবে চোরদের দেওয়া নম্বরে টাকা দিলে চুরি হওয়া মিটার আশপাশ থেকেই উদ্ধার করা যায় এবং পরবর্তীতে আর চুরি হয় না।

বাজিতপুর বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী বলেন, “মিল-কারখানার থ্রি-ফেজ মিটার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। প্রতিটি ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।”

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, “চোরের রেখে যাওয়া মোবাইল নম্বরগুলো প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে গ্রাহকদেরও মিটার ও সংযোগ সংরক্ষণে আরও সতর্ক হতে হবে।”

হোসেনপুরের নতুন বাজার এলাকায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
হোসেনপুরের নতুন বাজার এলাকায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পুলিশের অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাজহারুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার নতুন বাজার এলাকায় ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হোসেনপুর থানা সূত্রে জানা গেছে, রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41