কুলিয়ারচরে ঘরের দোলনা থেকে ৪ মাসের শিশু নিখোঁজ, এলাকায় চরম উদ্বেগ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় হৃদয়বিদারক এক শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকায় মাত্র চার মাস বয়সী এক শিশু ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
শিশুটির মা জানান, সকালে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর পর তিনি বাড়ির পাশেই পাতা ঝাড়ু দিতে যান। এ সময় শিশুটি ঘরের ভেতরে দোলনায় ঘুমিয়ে ছিল। কিছুক্ষণ পর তার সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, ঘরের দোলনায় রাখা ছোট ভাইটি নেই। খবর শুনে তিনি ছুটে এসে ঘর ও আশপাশে খোঁজাখুঁজি করলেও সন্তানের কোনো সন্ধান পাননি। একমাত্র শিশুপুত্রকে না পেয়ে অসহায় মায়ের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
শিশুটির বাবা শাহিন জানান, তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে বাড়ি থেকে ফোন পেয়ে জানতে পারেন, তার চার মাস বয়সী শিশু সন্তান নিখোঁজ হয়েছে। সংবাদ শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
প্রতিবেশী এক নারী জানান, ঘটনার সময় বাড়ির পাশ দিয়ে বোরকা পরা, মুখ ঢাকা অবস্থায় তিনজন নারী দ্রুত হেঁটে যেতে দেখেছেন। তাদের একজনের কোলে ছোট একটি শিশু ছিল। তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা না হলেও পরে শিশুটি নিখোঁজের খবর পেয়ে সন্দেহ তৈরি হয়।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত শিশু চুরির ঘটনা হতে পারে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পরিবার ও এলাকাবাসী চারদিকে খোঁজ চালাচ্ছেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুন্নবী জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, “সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক শাহিনের শিশু সন্তান নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পরপরই প্রশাসন তৎপর হয়েছে। শিশুটিকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
একটি ফুটফুটে শিশুর এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সন্তানের নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে পরিবারটি। স্থানীয়দের দাবি, দ্রুত শিশুটিকে উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।













