জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় হোসেনপুরে ভূমিসেবা মেলা
কিশোরগঞ্জের হোসেনপুরে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি এবং উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ভূমি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ভূমিসেবা মেলা-সংবলিত ব্যানার ও ফেস্টুন।
পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ সময় তিনি বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। ভূমিসেবা মেলার মাধ্যমে জনগণ আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি ধারণা পাচ্ছেন এবং সহজে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিনদিনব্যাপী এই মেলা চলবে। মেলায় ই-নামজারি, অনলাইনে খাজনা পরিশোধ, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ভূমিসেবা সহজ ও দ্রুত প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, আগে ভূমিসেবা নিতে সাধারণ মানুষকে নানা জটিলতা ও হয়রানির মুখোমুখি হতে হতো। বর্তমানে ডিজিটাল ব্যবস্থাপনার কারণে অনেক সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে মানুষ সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি অনলাইন পদ্ধতি সম্পর্কেও বাস্তব ধারণা পাচ্ছেন।
মেলায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। এতে সময় ও খরচ দুটোই কমে আসে এবং ভূমিসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয়।
আয়োজকরা জানান, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের মতো হোসেনপুরেও একযোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী মেলায় সচেতনতামূলক কার্যক্রম, তথ্য প্রদর্শনী, সেবা বুথ ও পরামর্শ কেন্দ্র পরিচালিত হবে।







