পাকুন্দিয়ায় বাস–গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঢাকা–কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা সাতটি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর হিমাগার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামের বিল্লাল (৩৫), আবু সাইদ খুরশিদ (৩৯) ও আব্দুস ছোবান খোকন (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন। একই সঙ্গে পিকআপে থাকা সাতটি গরুও মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহত দুজনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array