কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ রুবিনা খাতুন (৪৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) কুলিয়ারচর থানাধীন উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা পুলিশ জানতে পারে, ভৈরব থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বাজিতপুরের সরারচর এলাকায় বিক্রির উদ্দেশ্যে মাদক নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কাশেম মিয়ার মুরগির ফার্মসংলগ্ন সড়কে চেকপোস্ট বসায়।
একপর্যায়ে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে সেটি থামে। পরে সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের চটের বস্তার ভেতর কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় রুবিনা খাতুনকে আটক করা হয়। তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক রুবিনা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলা জুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array