ভিপি সোহেলকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।
পারিবারিক সূত্র জানায়, গত ২ জুলাই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ভিপি সোহেলকে জরুরি ভিত্তিতে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। পরে নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রবার্ট আহমেদ খান ও অধ্যাপক ডা. ধীমান চৌধুরীর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়।
চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ জুলাই তাঁর মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং নিয়মিত ফলোআপ চিকিৎসা নিচ্ছেন। অস্ত্রোপচার-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এখনো কর্মস্থলে যোগ দেননি।
হাসপাতালে ভিপি সোহেলের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
ভিপি সোহেলের পরিবারের দাবি, অতীতের একটি পুলিশি রিমান্ডে নির্যাতনের কারণে তাঁর পা ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই সমস্যার জটিলতা বহন করলেও বিভিন্ন কারণে সে সময় প্রয়োজনীয় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করা হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালনের অতিরিক্ত কর্মব্যস্ততার মধ্যেও তিনি নিয়মিত জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এর মধ্যেই তাঁর পুরোনো শারীরিক জটিলতা তীব্র আকার ধারণ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
খালেদ সাইফুল্লাহ সোহেল খান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসী এবং কিশোরগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array