মিঠামইনে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—একই গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) এবং মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে অসাবধানতাবশত ছোট বোন সাফা পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর শিশু দুজনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল-শাফী বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।”
মিঠামইন থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে খলাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array