পাকুন্দিয়ায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম চরপলাশ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
নিহতের ভাতিজা মো. রমজান আলী জানান, বুধবার দুপুর ২টার দিকে শফিকুল ইসলাম বাড়ির সামনের নিজ জমিতে ধানের চারা রোপণের কাজ করছিলেন। বিকেল ৪টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষিকাজ না করার বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তারা।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array