দলীয় অনুমোদন ছাড়া কর্মী সমাবেশ নয়: বাজিতপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ‘কর্মী সভা’ ও ‘কর্মী সমাবেশ’-এর নামে অনুমোদনহীন কর্মসূচি আয়োজনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেন, জেলা বিএনপির অনুমোদন ছাড়া এসব কর্মসূচি পরিচালিত হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দলের সাংগঠনিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাজিতপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত ও দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে একটি পক্ষ জেলা বিএনপির অনুমোদন ছাড়াই বিভিন্ন স্থানে কর্মী সমাবেশ ও কর্মী সভার আয়োজন করছে। এসব কর্মসূচি দলের অনুমোদিত নয় বলে তিনি দাবি করেন।
তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। তাঁর দাবি, জেলা বিএনপির নেতারা এ ধরনের কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত নন এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
মোস্তাফিজুর রহমান মামুন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুসংগঠিত রাজনৈতিক দল। দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়ম মেনেই সব কর্মসূচি পরিচালিত হয়। তাই জেলা বিএনপির অনুমোদন ও সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আহ্বানে আয়োজিত কর্মী সভা বা কর্মী সমাবেশে নেতাকর্মীদের অংশ নেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর বা অনুমোদনহীন কোনো কর্মসূচিতে সম্পৃক্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array