টিসিবিতে ডিজিটাল রূপান্তর, বাদ ৫৯ লাখ সুবিধাভোগী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদেরই টিসিবির কার্ডের আওতায় রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির কার্ডধারীদের সুবিধার জন্য ‘উপকারী’ মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে টিসিবির কার্যক্রমের ডিজিটাল রূপান্তরের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
মন্ত্রী বলেন, ‘৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে টিসিবি কার্ড থেকে বাদ দিয়ে প্রকৃত সুবিধাভোগীদেরই কার্ড দেওয়া হয়েছে।’
তিনি বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হতে পারে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের জন্য টিসিবি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ফলে উপকারভোগীরা এখন থেকে আরও সহজে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।’
ডিজিটাল রূপান্তরের কারণে টিসিবির কার্যক্রম আরও আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এখন থেকে ‘উপকারী’ অ্যাপের মাধ্যমে কার্ড বা নগদ টাকা ছাড়াই প্রায় ৮০ লাখ টিসিবি কার্ডধারী সুবিধাভোগী পণ্য কিনতে পারবেন। একই সঙ্গে অনলাইনের মাধ্যমে ডিলাররা পণ্যের ডেলিভারি গ্রহণ ও পেমেন্ট করতে পারবেন।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল টিসিবি কার্ড, ‘উপকারী’ মোবাইল অ্যাপ, অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীর কাছে সরকারি ভর্তুকির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সরবরাহব্যবস্থা এখনো পুরোপুরি নিরবচ্ছিন্ন ও কার্যকর হয়ে ওঠেনি। উৎপাদক পর্যায় থেকে শহর বা রাজধানীর খুচরা বাজারে পণ্য পৌঁছানোর পর অনেক ক্ষেত্রে দামের বড় ব্যবধান তৈরি হয়। আবার সাময়িক সরবরাহ ঘাটতিও বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এ পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার টিসিবির সেবায় স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি প্রকৃত উপকারভোগীর কাছে সরকারি ভর্তুকির সুবিধা পৌঁছে দিতে সহায়তা করবে। বাণিজ্যমন্ত্রীর ভাষায়, ‘প্রযুক্তি হবে মানুষের জন্য, সেবা হবে সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ।’
অনুষ্ঠানে জানানো হয়, টিসিবির নতুন ‘উপকারী’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রচলিত কার্ডের পাশাপাশি নিরাপদ ডিজিটাল মাধ্যমেও উপকারভোগীরা সেবা নিতে পারবেন। ডিজিটালি স্বাক্ষরিত ও এনক্রিপ্টেড কিউআর কোডের মাধ্যমে উপকারভোগীর পরিচয় ও পণ্য পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে। ফলে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলেও প্রকৃত উপকারভোগী নির্ধারিত পণ্য পাওয়া থেকে বঞ্চিত হবেন না।
অনলাইন ডিলার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ডিলারদের আবেদন, তথ্য সংরক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করা হবে। প্রয়োজনের তুলনায় আবেদনকারী বেশি হলে ডিজিটাল লটারির মাধ্যমে ডিলার নির্বাচনের সুযোগ থাকবে। পাশাপাশি অনলাইন পেমেন্ট কালেকশন চালুর মাধ্যমে আর্থিক লেনদেন সহজ হবে এবং স্বচ্ছতা বাড়বে।
অল-ইন-ওয়ান পিওএসের মাধ্যমে পণ্য বিক্রি, বায়োমেট্রিক যাচাই, অনলাইন পেমেন্ট এবং তাৎক্ষণিক বিক্রয় রসিদ দেওয়ার ব্যবস্থা থাকবে। এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে কোন এলাকায় কত পণ্য বিক্রি ও বিতরণ হচ্ছে এবং কোথাও অনিয়ম হচ্ছে কি না, তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এতে অনিয়ম শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে। একই সঙ্গে এআইভিত্তিক কন্টাক্ট সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি যাচাইকৃত ডিজিটাল ডেটাবেস তৈরি করা হয়েছে। বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী টিসিবির সেবার আওতায় রয়েছেন। ভবিষ্যতে এ সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। প্রকাশিত প্রতিবেদনে টিসিবির উপকারভোগীর সংখ্যা প্রায় ৭৯ লাখ ছাড়ানোর কথাও উল্লেখ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে টিসিবির বিভিন্ন উদ্যোগ ও ডিজিটাল রূপান্তরের ফলে গত বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় হতে পারে। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে প্রযুক্তির ব্যবহার, সঠিক উপকারভোগী নির্বাচন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ভর্তুকির অপচয় আরও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্য দেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্যমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে টিসিবির ডিজিটাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array