বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ভূমি প্রচারে ৪৯ জেলার ডিসিদের ২ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভূমি প্রচারে ৪৯ জেলার ডিসিদের ২ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ

ভূমি সংক্রান্ত প্রচার ও বিজ্ঞাপন ব্যয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪৯ জেলার জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে ২ কোটি ৩৩ লাখ ৫২ হাজার ৩৭৪ টাকা বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

গত ২১ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট ও অডিট অধিশাখা থেকে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।

বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে নেত্রকোনা জেলা—৩৩ লাখ ৪৫ হাজার ১১০ টাকা। এরপর ফেনীতে ১৪ লাখ ৬০ হাজার ১৭ টাকা, টাঙ্গাইলে ১০ লাখ ৮২ হাজার ৩১৫, রংপুরে ১০ লাখ ৩৫ হাজার ৯৭৬, রাজবাড়ীতে ৯ লাখ ৪৮ হাজার ৩৮০ এবং নওগাঁয় ৮ লাখ ৭২ হাজার ৬৭৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ৯৬ হাজার ৮২০ টাকা। এছাড়া মুন্সিগঞ্জে ৪ লাখ ৮৬ হাজার ৮৮৭, মানিকগঞ্জে ৪ লাখ ২৯ হাজার ৫২, গাজীপুরে ৭৩ হাজার ৫০০, নরসিংদীতে ৪ লাখ ৫৩ হাজার ৮৫৮, ফরিদপুরে ৩ লাখ ৯১ হাজার ৩৪৫, গোপালগঞ্জে ৭৬ হাজার ৮৪, মাদারীপুরে ৪৬ হাজার ৪৬০ এবং শরীয়তপুরে ৮৬ হাজার ৮৪৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে চট্টগ্রামে ২ লাখ ৮৭ হাজার ৪০, কক্সবাজারে ২ লাখ ২০ হাজার ৯৯৫, কুমিল্লায় ৩ লাখ ৯ হাজার ১৫৫, চাঁদপুরে ২ লাখ ২২ হাজার ৮৯৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লাখ ৪৫ হাজার ৬৪৭, নোয়াখালীতে ৫ লাখ ৩৮ হাজার ৫১২, ফেনীতে ১৪ লাখ ৬০ হাজার ১৭, লক্ষ্মীপুরে ২ লাখ ৪০ হাজার ৮১০, খাগড়াছড়িতে ১ লাখ ৩৫ হাজার ৪৭০, রাঙামাটিতে ৫৮ হাজার ৬৪০ এবং বান্দরবানে ১ লাখ ৬৬ হাজার ৭৭৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁয় ৮ লাখ ৭২ হাজার ৬৭৬, চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ২৪ হাজার ৪৭৯, নাটোরে ৩ লাখ ১৫ হাজার ২৪৮, বগুড়ায় ৩ লাখ ৫৪ হাজার ৭৬৮, জয়পুরহাটে ২৬ হাজার ৪০০, পাবনায় ৭ লাখ ৯৮ হাজার ১৪ এবং সিরাজগঞ্জে ৬ লাখ ৬০ হাজার ৮৯২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে রংপুরে ১০ লাখ ৩৫ হাজার ৯৭৬, কুড়িগ্রামে ৩ লাখ ৫৪ হাজার ৮৫, গাইবান্ধায় ৭ লাখ ৩ হাজার ২২, দিনাজপুরে ৭ লাখ ৯৩ হাজার ৬৬৫, পঞ্চগড়ে ৫ লাখ ৩৯ হাজার ৩৩৩, লালমনিরহাটে ১ লাখ ৪৯ হাজার ৪০ এবং ঠাকুরগাঁওয়ে ৬ লাখ ৭ হাজার ৫৫১ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে খুলনায় ৬ লাখ ৫৬ হাজার ৬৩৬, বাগেরহাটে ৩ লাখ ৬৪ হাজার ৪৬৩, সাতক্ষীরায় ৪ লাখ ৪৪ হাজার ৯২০, মাগুরায় ২ লাখ ৬৪ হাজার ৪৩৬, কুষ্টিয়ায় ৪ লাখ ৮৩ হাজার ৬০৪, নড়াইলে ২ লাখ ২২ হাজার ৯০০, চুয়াডাঙ্গায় ৯৩ হাজার ৪৯৫, মেহেরপুরে ১ লাখ ৩৮ হাজার ২০০ এবং যশোরে ২ লাখ ৮৪ হাজার ৩২২ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬, সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫ এবং প্রচলিত সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বকেয়া প্রচার ও বিজ্ঞাপন বিলও এ বরাদ্দ থেকে পরিশোধ করা যাবে।

আদেশে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বকেয়া পরিশোধের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে কোনো বকেয়া বিল দাবি করা যাবে না। ব্যয়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা দায়ী থাকবেন। বরাদ্দের অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলীতে বাবার বাড়িতে বেড়াতে এসে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মারধর ও বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক পরিচয়দানকারী সাজেদুল হক নাঈমের বিরুদ্ধে নিকলী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষিকা আতিয়ারা ইসলাম শিমুল। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিকলী সদর ইউনিয়নের গুণিয়াহাটি গ্রামে শিক্ষিকা আতিয়ারা ইসলাম শিমুলের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, সাজেদুল হক নাঈম ও তাঁর সঙ্গে থাকা রুবেল বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালান। এ সময় বাড়িঘর ও পানির লাইন ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে নাঈম কাঠের বর্গা দিয়ে তাঁকে আঘাত করে আহত করেন বলে অভিযোগ করেন শিমুল।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁদের বাড়ির পাশের পানি নিষ্কাশন ও পুকুরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃষ্টির পানি ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সৃষ্ট জলাবদ্ধতার জন্য নাঈম তাঁদের পরিবারকে দায়ী করে আসছিলেন। বিষয়টি সমাধানের কথা বলে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে তিন লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যক্তিগত স্থাপনা ভেঙে ড্রেন নির্মাণের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন শিমুল।

শিমুলের দাবি, হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি গত ১৩ সেপ্টেম্বর নিকলী থানায় লিখিত অভিযোগ করেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন। পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) ইউএনও শামীম আরার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান ভুক্তভোগী।

নিকলী থানার সূত্র জানিয়েছে, শিক্ষিকার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি এসআই সাগর তদন্ত করছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, নাঈমও শিক্ষিকার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। নিকলী থানায় দেওয়া ওই অভিযোগে শিক্ষিকার ভাই মারুফ ইসলাম শাওনের বিরুদ্ধে মেসেঞ্জারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের ফল এখনো জানা যায়নি।

অভিযোগের বিষয়ে নাঈমের বক্তব্যও গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, এলাকায় বালু ভরাট ও পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে তিনি এ বিষয়টি স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে শিক্ষিকার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগের বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য জানা যায়নি।

অভিযোগকারী শিমুল বলেন, ঘটনার পর নাঈম তাঁর কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। তবে তিনি কোনো অপরাধ না করায় বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় নিকলী উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিও উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি খায়রুল ইসলাম বলেন, একজন শিক্ষিকাকে মারধর ও তাঁর বাড়িঘর ভাঙচুরের অভিযোগের বিষয়টি দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, নাঈম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখান এবং বিভিন্ন সময়ে চাঁদাবাজির চেষ্টা করেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ বা পুলিশের তদন্তের ফল পাওয়া যায়নি। তাই অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন।

এ ছাড়া ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার খিলক্ষেত থানায় সাংবাদিক জাহাঙ্গীর কিরণকে হত্যার হুমকির অভিযোগে নাঈমের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে সে সময় সংবাদ প্রকাশিত হয়েছিল বলেও অভিযোগকারী পক্ষ দাবি করেছে। এ ঘটনার বর্তমান আইনি অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট নথি যাচাই করা যায়নি।

স্থানীয় সাংবাদিকদের একটি অংশ নিকলীতে সাংবাদিক পরিচয় ব্যবহারকারীদের পরিচয় ও প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, প্রকৃত সাংবাদিক ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তা আলাদাভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

কিশোরগঞ্জে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মো. জুবায়ের হোসেনের পদায়ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মো. জুবায়ের হোসেনের পদায়ন
কিশোরগঞ্জের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. জুবায়ের হোসেনকে (পরিচিতি নম্বর: ১৮১৪৭)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত মো. জুবায়ের হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি/পদায়ন করা হলো।
একই সাথে, The Code of Criminal Procedure, 1898-এর 10(2) ধারার বিধান অনুযায়ী পদায়িত জেলায় তাঁকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (ADM) ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের ৮ বিভাগের বিভিন্ন এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) রাতে কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে।

এদিকে, রাতে দেয়া আবহাওয়ার নিয়মিত বার্তায় জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ ৫ ও ৬ মে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ কিছু কিছু জায়গায় অর্থাৎ ৫০ শতাংশ এবং রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

এ সময় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে একই সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।