স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অর্থনৈতিক অংশীদারি জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সাংস্কৃতিক কূটনীতির বিকাশের লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তাঁর এ সফর অনুষ্ঠিত হবে।
সফরকালে তিনি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোক্তা স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)।
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর পথ সুগম হবে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। এ সফরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার, সাংস্কৃতিক অংশীদারি সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়া হবে।
যুক্তরাজ্যে অবস্থানকালে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে সৃজনশীল অর্থনীতির বিকাশে আন্তর্জাতিক অংশীদারত্বের নতুন সুযোগ খুঁজে দেখার ওপর গুরুত্ব দেওয়া হবে।










Disqus comments are not configured yet.