জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় না নিয়ে উন্নয়ন পরিকল্পনা করা হলে ভবিষ্যতে বিনিয়োগের সুফল টেকসই হবে না। তাই বর্তমানের উন্নয়ন ও অবকাঠামোগত সিদ্ধান্তে আগামী কয়েক দশকের জলবায়ু ঝুঁকি বিবেচনায় নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশি-বিদেশি পাঁচ শতাধিক জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে বিসিডিপি ওয়েব পোর্টালের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। নতুন এ ডিজিটাল প্ল্যাটফর্মে জলবায়ু-সম্পর্কিত প্রকল্প ও বিনিয়োগের তথ্য ব্যবস্থাপনা, রিয়েল-টাইম প্রকল্প পর্যবেক্ষণ, প্রকল্পের পাইপলাইন তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের সুযোগ থাকবে। এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সংগ্রহের প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে জানান আয়োজকরা।
পরিবেশমন্ত্রী বলেন, জাতীয় জলবায়ু নীতি ও পরিকল্পনাকে সমন্বিত কর্মসূচি, মানসম্মত প্রকল্প, উপযুক্ত অর্থায়ন এবং পরিমাপযোগ্য ফলাফলে রূপ দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, অভিযোজনমূলক বিনিয়োগের অনেক ক্ষেত্রে সরাসরি বাণিজ্যিক মুনাফা থাকে না। তবে এসব বিনিয়োগ মানুষের জীবন ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু অর্থায়নের কাঠামো তৈরি করতে হবে।
জলবায়ু প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন মন্ত্রী। প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণে নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ছে, ফসল উৎপাদন কমছে এবং মানুষের জীবন-জীবিকার ওপর চাপ বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকার প্রকৃতিনির্ভর সমাধানকে গুরুত্ব দিচ্ছে। খাল খনন ও বৃক্ষরোপণের পাশাপাশি কম কার্বন নিঃসরণকারী পরিবহন এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কথাও তুলে ধরেন তিনি। বিসিডিপির কার্যক্রম আরও গতিশীল করতে উন্নয়ন সহযোগীদের সক্রিয় সহযোগিতা চান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশের জলবায়ু অভিযোজনের অভিজ্ঞতা সাহস ও মানুষের সম্মিলিত উদ্যোগের গল্প। অভিযোজন কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্ব ও মালিকানা নিশ্চিত করা জরুরি।
তিনি সহজলভ্য ও ন্যায্য অনুদানভিত্তিক অর্থায়ন, স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও জনগোষ্ঠীভিত্তিক অভিযোজনের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বিনিময়ের আহ্বান জানান তিনি।
এডিবির নির্বাহী পরিচালক সত্যা শ্রীনিবাস লোল্লা বলেন, বাংলাদেশের জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলো বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উভয় খাত থেকেই বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। এ সম্মেলনের সাফল্য শুধু আলোচনায় নয়; বরং সম্মেলন শেষে কী ধরনের পদক্ষেপ ও বিনিয়োগ আসে, তার ওপর নির্ভর করবে।
সম্মেলনের প্রথম দিনে তিনটি পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে জলবায়ু সহনশীলতা ও নিম্ন কার্বন প্রবৃদ্ধি, জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়ন এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ৩.০ বাস্তবায়নে অর্থায়ন নিয়ে আলোচনা হয়।
আলোচনায় জাতীয় অভিযোজন পরিকল্পনা স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন, খাতভিত্তিক ব্যয় নির্ধারণ এবং জাতীয় বাজেট বরাদ্দের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সরঞ্জাম এবং সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগের মাধ্যমে এনডিসি ৩.০ বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা হয়।
আজ বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় দিনে জ্বালানি রূপান্তর, কম কার্বন নিঃসরণকারী পরিবহন, পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু-সহনশীল কৃষি ও বিনিয়োগযোগ্য প্রকল্প তৈরিসহ বিভিন্ন বিষয়ে কারিগরি অধিবেশন এবং বিশেষায়িত ওয়ার্কিং গ্রুপের আলোচনা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সঞ্চালনা করেন যুগ্ম সচিব মুনিরা সুলতানা।
Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array