মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পোড়া তেল ও অননুমোদিত রং ব্যবহার, কটিয়াদীতে বেকারিকে জরিমানা

মাইনুল হক মেনু প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পোড়া তেল ও অননুমোদিত রং ব্যবহার, কটিয়াদীতে বেকারিকে জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, পোড়া তেল ও অননুমোদিত রং ব্যবহারের অভিযোগে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পরিদর্শনের পর এ অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

কটিয়াদী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রুপালী বেকারিতে অভিযান পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ।

অভিযানকালে বেকারিটির খাদ্য উৎপাদন কার্যক্রম, ব্যবহৃত কাঁচামাল, তেল, রং এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় খাদ্য উৎপাদনের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন বলে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। পাশাপাশি খাদ্য তৈরিতে পোড়া তেল ও অননুমোদিত রং ব্যবহারের বিষয়টিও পাওয়া যায় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা, নিরাপদ উপকরণ ব্যবহার এবং খাদ্যদ্রব্য যথাযথভাবে সংরক্ষণ ও বিপণনের নির্দেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, খাদ্য উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন কিংবা অননুমোদিত উপকরণ ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রতিরোধে কটিয়াদীর বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁ ও বাজারে প্রশাসনের তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভৈরবে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর মরদেহ উদ্ধার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
ভৈরবে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় প্রবাসীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে গোয়ালঘরের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা রুকন উদ্দিন নামে এক সিঙ্গাপুরপ্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার সরকারবাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রুকন উদ্দিন কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার সরকারবাড়ির কৃষক সাত্তার মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে নিজ বাড়ির গোয়ালঘরের পাশে একটি গাছে রুকন উদ্দিনের মরদেহ ঝুলতে দেখেন তাঁর ভাই রুবেল মিয়া। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের ভাই রুবেল মিয়া বলেন, “আমার ভাই ২১ আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে এসেছে। রাত ১০টায় খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়েছিল। ভোরে আমি শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে দেখি, গোয়ালঘরের পাশে আমার ভাইয়ের হাত-পা বাঁধা মরদেহ ঝুলছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।”

নিহতের বাবা সাত্তার মিয়া বলেন, “আমার দুই ছেলে ও পাঁচ মেয়ে। ছোট ছেলে ছিল রুকন। তিন বছর আগে জমি বিক্রি করে ওকে সিঙ্গাপুর পাঠিয়েছিলাম। সেখানে একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত। সম্প্রতি সে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। দেশ থেকে ফিরে সুপারভাইজার হিসেবেই কোম্পানিতে যোগ দেওয়ার কথা ছিল। বাড়ির কাজ ধরবে বলে কিছু টাকাও জমিয়েছিল। কিন্তু আমার ছেলের আর স্বপ্ন পূরণ হলো না। ও আমাদের হজ করিয়ে এনেছে। ওর কোনো শত্রু ছিল না।”

তিনি আরও বলেন, “আমি রাতে বাড়িতে থাকি না। ক্ষেতে সেচের পানি দিতে রাতে জমির পাশেই থাকতে হয়। ভোরে নাতনি ডেকে পাঠালে এসে দেখি, ছেলেকে কে বা কারা মেরে গাছে ঝুলিয়ে রেখেছে। ঘুরতে যাওয়ার জন্য কেনাকাটা করার কথা বলে ছেলে আমার কাছে ১০ হাজার টাকা চেয়েছিল। জানিয়েছিল, সে কক্সবাজার যাবে। টাকা দেওয়ার পর গতকাল ভৈরব শহরে বন্ধুদের সঙ্গে কেনাকাটাও করে।”

ঘটনার খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের বাড়িতে পরিবার ও স্বজনদের আহাজারি চলছে। আশপাশের এলাকার লোকজনও বাড়িতে ভিড় করছেন। মা-বোনদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতের মা অনুফা বেগম চিৎকার করে বলেন, “আমার সোনার টুকরো ছেলেকে কেন এবং কারা হত্যা করল? আমার ছেলের তো কোনো শত্রু নেই!”

অনুফা বেগম আরও বলেন, “আজ (২৯ সেপ্টেম্বর) ভোরে বন্ধুদের সঙ্গে কক্সবাজার চলে যাওয়ার কথা ছিল ওর। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিল। যেহেতু ভোরে চলে যাবে, তাই রাতে খুব কথা বলতে ইচ্ছে করলেও ডাকিনি। রাত ১টার দিকে ওকে ফোনে কারও সঙ্গে কথা বলতে শুনেছি। হঠাৎ রাত ১টার পর কোনো একসময় আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে বসতঘরের পাশে মেরে গাছে ঝুলিয়ে রেখে গেছে।”

নিহতের বোন উম্মে হাবীবা বলেন, “আমার ভাইয়ের আজ ভোরে বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার কথা ছিল। সেখান থেকে ঘুরে এসে আবার সিঙ্গাপুর চলে যেত। বাড়ির কাজ শেষ করে দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। বাড়ির নকশাও পছন্দ করেছিল। ওর অনেক স্বপ্ন ছিল। রাতে ওকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। এমনকি ওর মোবাইল ফোন থেকে সিমকার্ড খুলে নিয়ে গেছে। আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। আমরা খুনির ফাঁসি চাই।”

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রেখে গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং জেলার ১৩টি উপজেলার ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা নাশকতা না ঘটে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, সাইবার মনিটরিং এবং নিয়মিত টহল জোরদার করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ একা নয়; পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় এবারের পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কোনো মণ্ডপে সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় ধর্মীয় নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। বিশেষ করে মণ্ডপে আলোকসজ্জা, সিসি ক্যামেরা স্থাপন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নারীদের জন্য পৃথক প্রবেশপথ এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

পুলিশ সুপার ধর্মীয় নেতাদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, মিঠামইনে ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, মিঠামইনে ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধভাবে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সারসহ দুই চালককে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি টলি গাড়িও জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুই চালক, সার ডিলারসহ চারজনের বিরুদ্ধে মিঠামইন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কাটখাল ইউনিয়ন এলাকায় টলিতে করে অবৈধভাবে সার স্থানান্তরের সময় চালক শাহিন মিয়া ও জহির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক দুই চালক শাহিন মিয়া ও জহির মিয়া, সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামের আরও একজনসহ মোট চারজনের বিরুদ্ধে মিঠামইন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি বলেন, “কৃষকদের জন্য সরকার নির্ধারিত ও বরাদ্দকৃত সার কালোবাজারি বা পাচারের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।”

বর্তমানে উদ্ধার করা ১১১ বস্তা ইউরিয়া সার এবং জব্দ করা দুটি টলি মিঠামইন থানা হেফাজতে রয়েছে।