সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কালেমা পড়ে মৌখিকভাবে দ্বিতীয় বিয়ে করেছিলেন এমপি গাজী নজরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কালেমা পড়ে মৌখিকভাবে দ্বিতীয় বিয়ে করেছিলেন এমপি গাজী নজরুল

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ও সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে কালেমা পড়ে মৌখিকভাবে বিয়ে করেছিলেন বলে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে নিজ এলাকায় ওই বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয় বলেও তিনি স্বীকার করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল জানান, মামলার বাদী তার পূর্ব আত্মীয় এবং সম্পর্কে ভাগিনা। মরিয়ম তার নাতনি-সম্পর্কের আত্মীয়। ঢাকায় এলে তিনি প্রায়ই বাদীর বাসায় থাকতেন এবং সংসদ সদস্য হিসেবে তার বিভিন্ন কাজকর্ম সেখান থেকেই পরিচালনা করতেন। সেই সূত্রে মরিয়মের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে এবং গত ১৭ জুন তিনি কালেমা পড়ে মৌখিকভাবে মরিয়মকে বিয়ে করেন।

আবেদনে আরও বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর মামলা। রিমান্ডে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। এ অবস্থায় আসামিকে জামিনে মুক্তি দেওয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। তাই তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রথম দফায় চার দিনের এবং ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলায় গ্রেপ্তারের পর মাকসুদা ইসলাম এক দিনের রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর এবং ওবায়দুর রহমান ২৩ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হন।

টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির হাতে ২ লাখ পিস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, বিজিবির হাতে ২ লাখ পিস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের সময় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী মেজরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে মেজরের ঘের এলাকায় এক ব্যক্তিকে মাথায় মাছভর্তি একটি ক্যারেট নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি ক্যারেটটি ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।

পরে বিজিবি সদস্যরা ক্যারেটটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটের ২০টি কার্টনে রাখা ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ইয়াবা সরবরাহকারী ও এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

হোসেনপুরে বিএমইউজের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এস কে শাহীন নবাব প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
হোসেনপুরে বিএমইউজের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’ শওকত হোসেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএমইউজের সভাপতি খাইরুল ইসলাম, জেলা প্রতিনিধি মো. আজিজুল হক ফাহিম, হোসেনপুর উপজেলা বিএমইউজের সভাপতি ও ‘দৈনিক নওরোজ’-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এসকে শাহীন নবাব, ‘দৈনিক কালের নতুন সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি আতাহার আলী মৃধা, ‘দৈনিক কিশোরগঞ্জ’-এর উপজেলা প্রতিনিধি সনজিৎ শীল, ‘সাপ্তাহিক সুরুক’-এর প্রতিনিধি মো. তাওহীদ হাসান, ‘দৈনিক জনতার শক্তি’-এর বিশেষ প্রতিনিধি মো. সুজন মিয়া ও প্রতিনিধি শাহ আলম মাহাবুব রাজীব, ‘জুলাই যোদ্ধা’ ও ‘অপরাধ জগত’-এর উপজেলা প্রতিনিধি মো. রাজীব আহমেদ পিয়াস, ‘কালের নতুন সংবাদ’-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম এবং ‘এসকে বাংলা টিভি’-এর বিশেষ প্রতিনিধি মো. মোস্তফা আহমেদ ডালিম।

বৃক্ষরোপণকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখতে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিএমইউজে হোসেনপুর উপজেলা শাখা নিয়মিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কর্মসূচি শেষে আয়োজকেরা জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিএমইউজে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখবে।

আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ, সামনে সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ, সামনে সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন
 দীর্ঘদিনের সরকারবিরোধী আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, আগামী ২৫ অক্টোবরের আগাম সংসদ নির্বাচনে তাঁর দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) হয়ে সক্রিয় রাজনীতি করবেন।

ভুচিচের পদত্যাগের ফলে সার্বিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। একই সঙ্গে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের পথও খুলে গেছে। তাঁর প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের মে মাসে। তবে সংবিধান অনুযায়ী টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকায় এবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে এগোচ্ছেন।

সার্বিয়ায় প্রধানমন্ত্রী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। ২৫ অক্টোবরের সংসদ নির্বাচনে এসএনএস সরকার গঠন করতে পারলে নতুন সংসদ প্রধানমন্ত্রী নির্বাচন করবে। সে ক্ষেত্রে ভুচিচের সরকারপ্রধান হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

ভুচিচের পদত্যাগের পর সংসদের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই এ দায়িত্ব পালন করবেন। দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্টের পদ শূন্য হলে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হয়।

আন্দোলনের সূত্রপাত

ভুচিচ সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের সূচনা হয় ২০২৪ সালের ১ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনায়। দুর্ঘটনার পর শিক্ষার্থীরা জবাবদিহি, দুর্নীতির তদন্ত এবং সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতার দাবিতে আন্দোলন শুরু করে। পরে সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, রেলস্টেশন সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে ওই ঘটনার পর থেকেই ভুচিচ সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ বাড়তে থাকে।

প্রায় দুই বছর ধরে চলা আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, শ্রমিক এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থন যুক্ত হয়। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল আগাম নির্বাচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা।

সামনে দুই দফা নির্বাচন

ভুচিচের পদত্যাগের ফলে চলতি বছরের শেষ নাগাদ সার্বিয়ায় সংসদ ও প্রেসিডেন্ট—দুই নির্বাচনই অনুষ্ঠিত হওয়ার কথা।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে আগাম সংসদ নির্বাচন। আর প্রেসিডেন্ট নির্বাচন ডিসেম্বরের মধ্যে আয়োজন করতে হবে। এর আগে ৯ সেপ্টেম্বর ভুচিচ সংসদ ভেঙে দিয়ে ২৫ অক্টোবর আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন।

নির্বাচনে ভুচিচের এসএনএসকে চ্যালেঞ্জ জানাতে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন ‘স্টুডেন্টস উইন’ আন্দোলন নির্বাচনী ময়দানে নেমেছে। কয়েকটি বিরোধী দলও এই উদ্যোগকে সমর্থন করছে। তাদের প্রচারের মূল ইস্যু দুর্নীতির তদন্ত, সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ কমানো।

এক যুগ ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে

২০১২ সাল থেকে সার্বিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলেকসান্দার ভুচিচ। ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী এবং ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২২ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এবার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন।

তাঁর শাসনামলে সার্বিয়া একদিকে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং চীনা বিনিয়োগ আকর্ষণ করেছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সার্বিয়ার সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়।

পদত্যাগের আগে ভুচিচ আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় দণ্ডিত বা অভিযুক্ত ৪৯ জনকে ক্ষমা করেন। তাঁদের মধ্যে ২৩ জন শিক্ষার্থীও রয়েছেন। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান।

এখন ২৫ অক্টোবরের আগাম সংসদ নির্বাচনই ভুচিচের রাজনৈতিক ভবিষ্যতের পরবর্তী গুরুত্বপূর্ণ পরীক্ষা। নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে তিনি আবার সার্বিয়ার সরকারপ্রধানের দায়িত্বে ফিরতে পারবেন কি না।