কুলিয়ারচরে পৌরসভার তিন মাসব্যাপী মশক নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও পৌরবাসীকে মশার কামড় থেকে সুরক্ষা দিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে কুলিয়ারচর পৌরসভা।
‘ডেঙ্গু মশক নিধন দিবস’ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে কুলিয়ারচর রেলস্টেশন ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুলিয়ারচরের নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হকের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হয়।
উদ্বোধনী দিনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কুলিয়ারচর রেলস্টেশন, বাজার ও সংলগ্ন এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে তিন মাসব্যাপী এ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পৌরবাসীকে মশার কামড় থেকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে দীর্ঘমেয়াদি এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ জনের বেশি নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ পরিস্থিতি বিবেচনায় কুলিয়ারচর পৌরসভার তিন মাসব্যাপী এ উদ্যোগ স্থানীয়ভাবে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array