মাছবাহী ট্রাকের ধাক্কায় পাকুন্দিয়ায় স্বামী-স্ত্রী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাঁদের মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাকুন্দিয়া উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) ও তাঁর স্ত্রী আনোয়ারা (৫৮)। আহতরা হলেন তাঁদের মেয়ে মারজিয়া খাতুন এবং জাহাঙ্গীর ও মাহিম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা নুরু মিয়া ও তাঁর স্ত্রী আনোয়ারা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পর মাছবাহী ট্রাকটি পালিয়ে গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাওহীদ হতাহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array