ভৈরবে রেলওয়ের শতবর্ষী বটগাছ কাটার অভিযোগ, আটক যুবলীগ নেতা পালালেন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাংলাদেশ রেলওয়ের লিজ নেওয়া জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই শতবর্ষী একটি বটগাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। গাছ কাটার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ার পর তাঁকে আটক করে। পরে ভূমি অফিসে নেওয়া হলে সেখান থেকে তিনি পালিয়ে যান বলে জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ভৈরব পৌর শহরের মালগুদাম এলাকার ‘মা অটো রাইস মিল’ চত্বরে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবের মালগুদাম এলাকায় বাংলাদেশ রেলওয়ের লিজ নেওয়া জমিতে ‘মা অটো রাইস মিল’ অবস্থিত। মিলের চত্বরে একটি বিশাল আকৃতির শতবর্ষী বটগাছ ছিল। অভিযোগ রয়েছে, মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন কোনো সরকারি বা রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত সোমবার থেকে গাছটি কাটা শুরু করেন।
মঙ্গলবারও গাছ কাটার কাজ চলছিল। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরা গাছ কাটার বিষয়টির সত্যতা পান বলে জানান সংশ্লিষ্টরা।
পরে আব্দুল্লাহ আল মামুনকে আটক করে ভৈরব উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়। তবে সেখানে উপস্থিত লোকজনকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
ভৈরব রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আইডব্লিউও) মোয়াজ্জেম শেখ বলেন, “রেলওয়ের জায়গায় কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পাই। পরে অভিযুক্তকে আটক করে ভূমি অফিসে আনা হলে তিনি সুযোগ বুঝে পালিয়ে যান।”
তিনি আরও বলেন, এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো দেখা যায়। এ সময় গাছ কাটার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আব্দুল্লাহ আল মামুনকে আটক করে আরও যাচাই-বাছাইয়ের জন্য ভূমি অফিসে আনা হয়েছিল। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে যান।”
তিনি বলেন, এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রেলওয়ের জায়গায় থাকা শতবর্ষী বটগাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। সরকারি জমিতে কোনো ধরনের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array