বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, গ্রাহককে ফোনে দুঃখপ্রকাশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, গ্রাহককে ফোনে দুঃখপ্রকাশ মন্ত্রীর

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল আসার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে (জিএম) তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিলটি ইস্যু করা হয়।

বিলের তথ্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মিটারের বর্তমান রিডিং ছিল ৩৯৫ এবং ৮ আগস্টের পূর্ববর্তী রিডিং ছিল ১৬০। অর্থাৎ এক মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে ২৩৫ ইউনিট। কিন্তু এই ২৩৫ ইউনিটের বিপরীতে স্বাভাবিক বিদ্যুৎ বিলের পাশাপাশি ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা।

এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট এবং ১০ টাকা মিটার ভাড়া যোগ করে মোট বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ বিলের পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। অথচ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত বিল হওয়ার কথা ১ হাজার ৯৬৩ টাকা। বিলম্ব মাশুলসহ এই পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।

গত ১০ সেপ্টেম্বর ইস্যু করা বিলটির পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। এতে গ্রাহকের শ্রেণি হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গ্রাহক আলেয়া খাতুন বলেন, “এটা শুধু ভুতুড়ে বিল নয়, আজগুবিও। বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপনার কারণে আমাদের দুশ্চিন্তা ও ভোগান্তি বাড়ছে। এ ধরনের ভুলের প্রতিকার চাই।”

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার বড় জয়

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার বড় জয়

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় কার্যত শেষের পথে। স্রেফ একটি আনুষ্ঠানিক ম্যাচ খেলেই তিনি জাতীয় দলকে বিদায় বলবেন—এমন পরিস্থিতিতে মেসি-পরবর্তী যুগে নতুন অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন ক্রিস্টিয়ান রোমেরো। এমন হাওয়া বদলের আবহে মাঠে নেমে বলিভিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনা।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে প্রথম ম্যাচে বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠ কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা। আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেছেন লাউতারো মার্টিনেজ, নিকো পাজ, অধিনায়ক রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার। ১৬টি শটের মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে লাতিন প্রতিপক্ষ বলিভিয়া মাত্র তিনটি শট নিতে পেরেছে, যার একটিও লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচের দুই অর্ধেই দুটি করে গোল করেছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই বলিভিয়াকে চাপে রাখে আর্জেন্টিনা। প্রতিপক্ষের রক্ষণকে ক্রমাগত ব্যস্ত রাখার পর ১৯ মিনিটে লিড নেয় তারা। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল দ্বিতীয় চেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে বলিভিয়ার জালে বল পাঠান লাউতারো মার্টিনেজ।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ। এজাকুয়েল প্যালাসিওসের রক্ষণচেরা পাস পেয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি। জাতীয় দলের হয়ে এটি পাজের দ্বিতীয় গোল।

বিরতির আগে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কঠিন জায়গা থেকে জুলিয়ান আলভারেজের নেওয়া শট অবশ্য বলিভিয়ার গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। ৫৪ মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। নিকো পাজের ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে গোল করেন ক্রিস্টিয়ান রোমেরো। নতুন অধিনায়ক হিসেবে নিজের যাত্রাটা স্মরণীয় করে রাখেন দারুণ এই গোল দিয়ে।

৭৬ মিনিটে জুলিয়ান আলভারেজের নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর লিওনার্দো বালের্দি সুযোগ পেলেও পা ছোঁয়াতে না পারায় গোল করতে পারেননি।

বদলি হিসেবে নামা ফ্রাঙ্কো লোপেজও গোলের সুযোগ পেয়েছিলেন। তবে তাঁর নেওয়া শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৮৫ মিনিটে লোপেজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে পরের মিনিটেই ডি-বক্সে ঢুকে গোল করে ব্যবধান ৪-০ করেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মেসি-পরবর্তী অধ্যায়ের আবহে নতুন অধিনায়ক রোমেরোর নেতৃত্বে দলটির এই জয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজে আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ তৈরি করেছে।

সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ১৫২, সংক্রমণও ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ১৫২, সংক্রমণও ঊর্ধ্বমুখী

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। ওই মাসে ডেঙ্গুতে ১৫২ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মারা গেছেন ৪৩ জন। এছাড়া জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে।

একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৬৯৯ জন।

নতুন রোগী ভর্তির হিসাবে গত ২৪ ঘণ্টায়ও ঢাকা বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি ছিল। এ সময়ে ঢাকায় ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৩৫৮, বরিশালে ২৬০, খুলনায় ২৫৬, রাজশাহীতে ২০৯, রংপুরে ১০১ এবং ময়মনসিংহে ৯৪ জন ভর্তি হয়েছেন। সিলেটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরজুড়েই ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর চাপ উল্লেখযোগ্য ছিল। মাস শেষ হলেও নতুন রোগী শনাক্ত এবং হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

অ্যাডভোকেট রতনের বিরুদ্ধে অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে আইনজীবীদের বিক্ষোভ

রেজাউল হক প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অ্যাডভোকেট রতনের বিরুদ্ধে অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে আইনজীবীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর সাখাওয়াত হোসেন, জেসমিন সুলতানা কবিতা, লিটন এলালী, শওকত কবীর খোকন ও আবদুল্লাহ আল বুখারী।

বক্তারা বলেন, ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকাহনিয়া (ভূগলী) জলমহাল দখল ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির মতো ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর মানববন্ধনের নামে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

আইনজীবীরা অবিলম্বে এ ধরনের ‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড’ বন্ধের দাবি জানান। অন্যথায় সাধারণ আইনজীবীদের নিয়ে আইনি পদক্ষেপসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মানববন্ধনে জলমহালের ইজারাগ্রহীতা মো. ফরহাদ অভিযোগ করেন, ইজারা পাওয়ার পর অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন তাঁকে ফোন করে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জলমহাল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।