বাজিতপুরে অনন্যা সুপার বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক পার হওয়ার সময় অনন্যা সুপার পরিবহনের একটি বাসের ধাক্কায় হামজা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে।
নিহত হামজা গজারিয়া এলাকার মো. সুজন ও মর্জিনা বেগমের ছেলে। সে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করত।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হামজা মায়ের সঙ্গে ঢাকা থেকে কটিয়াদীতে আসে। পরে সেখান থেকে অটোরিকশায় করে তারা পিরিজপুরের গজারিয়া বাজারে পৌঁছায়।
অটোরিকশা থেকে নামার পর হামজা একাই সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জের দিকে আসা অনন্যা সুপার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বাসটির নম্বর শনাক্ত করেন।
খবর পেয়ে কিশোরগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক নবীনূর রহমান মোবাইল ফোনে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাসটিও আটক করা হয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array