কম্বোডিয়ায় আটক ৩০ বাংলাদেশি ফিরছেন দেশে
কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম সেন্টারে জিম্মিদশা থেকে উদ্ধারের পর দেশটির ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ বাংলাদেশি কর্মী অবশেষে দেশে ফিরছেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
গতকাল সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিবকে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত মুক্তি ও দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক (আইআরপি) মোহাম্মদ জাকির হোসেনের সই করা এক চিঠিতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাঁদের মুক্ত করার তাগিদ দেওয়া হয়।
ভুক্তভোগীদের পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে দালালচক্রের মাধ্যমে এসব তরুণকে কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাঁদের জোর করে সাইবার স্ক্যামিং বা অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত কেন্দ্রে আটকে রাখা হয়। সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাঁদের ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে।
পরে তাঁরা ওই কেন্দ্র থেকে পালিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে গত ৩ সেপ্টেম্বর রাজধানী নমপেনের বিমানবন্দরে যান। সেখানে অবৈধ অবস্থানসহ বিভিন্ন অভিযোগে ইমিগ্রেশন পুলিশ ৩২ বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের মধ্যে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জন দেশটির ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
অবশেষে প্রয়োজনীয় উদ্যোগের পর তাঁদের দেশে ফেরার পথ খুলেছে।













Disqus comments are not configured yet.