অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
অন্যের নাম ও পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বিজিবিতে (সাবেক বিডিআর) চাকরি করার দায়ে সাবেক সিপাহী আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা।’
সাজার তথ্য নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামীম হোসেন বলেন, ছদ্মবেশ ধারণ করে বা অন্য ব্যক্তির পরিচয় দিয়ে প্রতারণার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও দেড় বছর কারাভোগ করতে হবে।
এ ছাড়া প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে চার বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহারের অপরাধে তাঁকে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুদকের আইনজীবী শামীম হোসেন জানান, ছদ্মনাম ব্যবহার করে সিপাহী পদে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এ জন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।
আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানান, আসামির সাজাগুলো ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।
রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা তুলে নেয়!’
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাঁদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।
অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তাঁর নাম, পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন ওই পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন।
দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরে সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়। নথিতে দেখা যায়, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্মতারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর। পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে তা পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও পরিবর্তন করা হয়।
এ ছাড়া নিজের পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী। তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন।
অনুসন্ধানে আরও জানা যায়, ১৯৮৪ সালের ১০ জানুয়ারি সম্পাদিত তাঁর বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মণ্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল উল্লেখ করা হয়। তবে প্রকৃত জাহাঙ্গীর আলম জানান, তাঁর বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।
সিরাজগঞ্জের ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের দেওয়া তথ্যেও জালিয়াতির বিষয়টি উঠে আসে। চেয়ারম্যান জানান, কোনাগাতী গ্রামের জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে বিডিআরে চাকরির জন্য নির্বাচিত হলেও যোগদান করেননি। এমনকি ওই ব্যক্তি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ওই গ্রামে বসবাসও করেননি। জাহাঙ্গীর আলম নিজেও দুদকের কাছে একই তথ্য দেন এবং তাঁর পরিচয় ব্যবহার করে আকবর আলীর চাকরি নেওয়ার বিষয়টি জানান।
অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আকবর আলীর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এ অভিযোগে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৩ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ২৫ মে অবসর গ্রহণ পর্যন্ত প্রায় ৩৮ বছর অন্যের পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন আকবর আলী। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২১ এপ্রিল তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন সাধন চন্দ্র সূত্র।
গত বছরের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার আদালত এ রায় দেন।










Disqus comments are not configured yet.