দলীয় শৃঙ্খলা ভাঙলে ছাড় নয়, কঠোর বার্তা তারেক রহমানের
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিতর্কিত কর্মকাণ্ড, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই অবস্থানে সতর্ক হয়েছেন দলের মন্ত্রী-সংসদ সদস্য থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ঘিরে নেওয়া পদক্ষেপ দলীয় নেতাকর্মীদের কাছে কঠোর বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
দলীয় পরিচয় ব্যবহার করে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না—নেতাকর্মীদের প্রতি এমন বার্তাই দিতে চাইছে বিএনপির নেতৃত্ব। বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য, সংসদীয় দলের বৈঠকে সতর্কবার্তা এবং সাংগঠনিক পর্যায়ে নেওয়া পদক্ষেপে দলের এই অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে।
গত ১১ অক্টোবর বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের দেওয়া নির্দেশনা দলটির ভেতরে আলোচনার কেন্দ্রে রয়েছে। ওই বৈঠকে চাঁদাবাজি ও দখলদারত্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং সংসদ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার বার্তা দেন তিনি। এর মধ্য দিয়ে শুধু তৃণমূলের কর্মী নয়, জনপ্রতিনিধি ও প্রভাবশালী নেতাদেরও দলীয় শৃঙ্খলার আওতায় থাকার বিষয়টি সামনে আসে।
জানতে চাইলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, তা দেশবাসী সাদরে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।
বিএনপি চেয়ারম্যানের আরেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন। এখন হচ্ছে ‘অ্যাকশন’। এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তাঁরা কঠোর অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তাঁরা।
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তথ্য বা প্রমাণ পাওয়া গেলে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তাঁরা দলীয়ভাবে তাঁর নীতি অনুসরণ করছেন।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুবদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘোষণাও আসে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কারের সিদ্ধান্তও জানানো হয়।
এসব সিদ্ধান্তের সময় রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চলছিল। কমিটি বিলুপ্তির আগের দিন স্থানীয় নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এসব পদক্ষেপের ফলে দলীয় পদে থাকা নেতাদের কর্মকাণ্ড নিয়ে জবাবদিহির প্রশ্ন আরও গুরুত্ব পেয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর অবস্থান বাস্তবায়নে সাংগঠনিক কমিটিগুলোর দায়িত্বও বেড়েছে। স্থানীয় পর্যায়ে দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, দখল কিংবা চাঁদাবাজির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট নেতাদের জবাবদিহির মুখে পড়তে হতে পারে—এমন আলোচনা রয়েছে দলটির ভেতরে।
তারেক রহমানের অবস্থানের গুরুত্বপূর্ণ দিক হলো, জবাবদিহির আওতা শুধু সাধারণ নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ নয়। সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠকে দেওয়া নির্দেশনায় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল আচরণ, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দলীয় পরিচয় ব্যবহার করে অনিয়মে জড়ালে সাংগঠনিক পদ হারানোর ঝুঁকি রয়েছে—বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তব্যে এমন বার্তা উঠে এসেছে। ফলে মন্ত্রী, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে সতর্কতা বেড়েছে।
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা তৃণমূল পর্যন্ত কার্যকর করাই এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। রাজধানী থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের কর্মকাণ্ডের ওপর নজরদারি, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সাংগঠনিক শাস্তির ক্ষেত্রে ধারাবাহিকতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করায় সেদিন থেকেই তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে।
ইশরাকের পদত্যাগের ফলে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। বর্তমানে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।










Disqus comments are not configured yet.