বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বন্ধ থাকবে আপিল বিভাগের এক নম্বর কোর্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রোববার বন্ধ থাকবে আপিল বিভাগের এক নম্বর কোর্ট

অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেবেন।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে রোববার আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত: ডিআইজি

ডিসেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গলসলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি বলেন, র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল চলছে। কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসীদের আস্তানা গড়তে দেওয়া হবে না। অপরাধীদের আশ্রয় নেওয়ার সুযোগও দেওয়া হবে না। যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব।

জঙ্গলসলিমপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এলাকার মানুষ এখন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। তাঁদের দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলছে। এরপরও কারও কোনো সমস্যা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়। মানুষের যেন কোনো সমস্যা বা ক্ষতি না হয়, সেটিই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। জঙ্গলসলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির সুযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট হয়ে বসে থাকতে চায় না পুলিশ; আরও ভালো করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে সবকিছুর ঊর্ধ্বে জনগণের স্বার্থ ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিতে হবে।

রাস্তা নির্মাণের আগেই এলাকায় পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত, জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

এ সময় ডিআইজি শামসুল হক সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

মুল্ডারের রেকর্ড বোলিংয়ে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
মুল্ডারের রেকর্ড বোলিংয়ে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

শঙ্কাটা আগে থেকেই ছিল। ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ। অপেক্ষা ছিল শুধু কত রানের ব্যবধানে হারবে নাজমুল হোসেন শান্তর দল। সেই অপেক্ষার অবসান হলো টেস্টের তৃতীয় দিন শেষ হওয়ার আগেই। ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

এ হারের মধ্য দিয়ে দুই টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হলো বাংলাদেশ। সেঞ্চুরিয়নে এ হার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশকে এমন বিব্রতকর হার উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার। রেকর্ড গড়া বোলিং করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। বাংলাদেশের বিপক্ষে এটিই এখন প্রোটিয়াদের সেরা বোলিং ফিগার। এর আগে ২০২২ সালে ডারবানে ৩২ রানে ৭ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ।

মুল্ডারের পেস আক্রমণে বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে শান্ত-লিটন দাসদের ব্যাটিং লাইনআপ। ৪০৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অবশ্য ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ৫৮ রানে দুই উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন মুল্ডার।

এরপর চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শান্ত ও তাওহিদ হৃদয়। কিন্তু মুল্ডার আবারও গতির ঝড় তুললে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। পঞ্চম উইকেট থেকে শুরু করে টানা ছয় উইকেটই শিকার করেন তিনি। ৪ উইকেটে ১৫৮ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৮৪ রানে। অর্থাৎ শেষ ছয় উইকেট হারাতে দলটি যোগ করতে পেরেছে মাত্র ২৬ রান।

বাংলাদেশকে অলআউট করার আগে ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার একমাত্র ইনিংসে সেঞ্চুরি করেন তিনি। একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার হিসেবে নাম লেখান এই অলরাউন্ডার। সেঞ্চুরিতে করেন ঠিক ১০০ রান, আর দুই ইনিংস মিলিয়ে নেন ৮ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন ম্যাচসেরার পুরস্কার।

অন্যদিকে সিরিজসেরা হয়েছেন দুই টেস্টে ৩০৭ রান করা মারকুয়েস অ্যাকারম্যান। সেঞ্চুরিয়ন টেস্টে খেলেছেন ১৫০ রানের ইনিংস। তাঁর ও মুল্ডারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৯৪ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৯১ রানে। দ্বিতীয় ইনিংসেও ১৮৪ রানের বেশি করতে পারেনি দলটি। ফলে দুই ইনিংস মিলিয়েও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের রান টপকাতে পারেনি বাংলাদেশ।

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ‘ফকির কমিটি’, অমান্যে জরিমানা-জেলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ‘ফকির কমিটি’, অমান্যে জরিমানা-জেলের ঘোষণা

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তিতে শৃঙ্খলা ফেরাতে দিন ও সময় নির্ধারণ করে দিয়েছে স্থানীয় ‘ফকির কমিটি’। নির্ধারিত নিয়ম অমান্য করলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মতো শাস্তির ঘোষণাও দিয়েছেন কমিটির সভাপতি। তবে একটি বেসরকারি কমিটির এ ধরনের শাস্তি ঘোষণার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) ফুলপুর বাজারের গোলচত্বরে হুইলচেয়ারে বসে হ্যান্ডমাইকে অন্য ভিক্ষুকদের উদ্দেশে এ ঘোষণা দেন ‘ভিক্ষুক সমিতি বা ফকির কমিটির সভাপতি’ মো. আনোয়ার হোসেন।

ঘোষণায় আনোয়ার হোসেন বলেন, হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া বাজারে যত্রতত্র ভিক্ষা করা নিষিদ্ধ। সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। বিকেল ৫টার পর কেউ বাজারে ভিক্ষা করলে তাঁকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে।

এ সময় তাঁর সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির অনুমোদিত একটি পরিচয়পত্র বা কাগজপত্রও ঝোলানো দেখা যায়।

ব্যতিক্রমী এ মাইকিং ও শাস্তির ঘোষণার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। উপস্থিত কয়েকজন উৎসুক ব্যক্তি বিষয়টি মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশ বাজারে ভিক্ষুকদের ভিড় নিয়ন্ত্রণে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে একটি বেসরকারি সমিতি বা কমিটি কীভাবে জরিমানা ও কারাদণ্ডের মতো আইনি শাস্তির ঘোষণা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। কোন এখতিয়ারে বা কীভাবে তিনি এমন সাজার ঘোষণা দিলেন, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’