বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার এইচএসসি-সমমানের ফল, জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বৃহস্পতিবার এইচএসসি-সমমানের ফল, জানবেন যেভাবে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থী ও অভিভাবকেরা শিক্ষা বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি না গিয়েও ঘরে বসে অনলাইনে কিংবা মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd থেকে ফল জানা যাবে। এ জন্য ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার নাম ‘HSC/Alim/Equivalent’ নির্বাচন করতে হবে।

এরপর পরীক্ষার বছর ২০২৬, নিজ শিক্ষা বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর নির্ধারিত ঘরে লিখে সাবমিট করতে হবে। এরপরই ফল দেখা যাবে। ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করার সুবিধাও থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এক ক্লিকেই পুরো প্রতিষ্ঠানের ফল সংগ্রহ ও ডাউনলোড করতে পারবে।

মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমেও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজে লিখতে হবে HSC DHA 123456 2026।

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে।

এ বছর দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট।

বদলির আদেশ না পেয়ে আমরণ অনশনে নারী শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বদলির আদেশ না পেয়ে আমরণ অনশনে নারী শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দ্রুত জারির দাবিতে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শেষ হয়। এতে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেন। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তা আটকে আছে।

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় হতাশায় ভুগছেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, বদলি নীতিমালা সংশোধনের নামে অযথা কালক্ষেপণ করা হচ্ছে। এভাবে তাঁদের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে।

অনশনরত শিক্ষকেরা নিজ জেলা বা বাড়ির কাছাকাছি কর্মস্থলে বদলির দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, দূরবর্তী জেলায় চাকরি করার কারণে পারিবারিক জীবনে অশান্তি ও কলহ তৈরি হচ্ছে। বদলির চূড়ান্ত আদেশ জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক নারী শিক্ষক আক্ষেপ করে বলেন, ‘সরকার নীতিমালা করে বদলি ব্যবস্থা চালু করেছে বলেই আমরা আবেদন করেছি। এখন আমরা দ্রুত বদলির আদেশ চাই। আমার মতো অসংখ্য শিক্ষিকা আজ সন্তান ও পরিবারের কাছে ফেরার তাগিদে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।’

কিশোরগঞ্জে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজী ইসরাইল মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা টুর্নামেন্টের সফলতা কামনা করেন। একই সঙ্গে তরুণ ক্রিকেটারদের খেলাধুলায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হবিগঞ্জ জেলা ক্রিকেট দল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিকেট দল।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালট্যান্ট ১০০টি, জুনিয়র কনসালট্যান্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের পদ ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিক্যাল অফিসার পাঁচটি, মেডিক্যাল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ২০টি এবং অ্যানেসথেসিস্টের ২০টি পদ রয়েছে।

এদিকে হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরুর প্রক্রিয়া এগিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে।

মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে হাসপাতালগুলোতে।

ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে। এসব হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

চলতি বছরের ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপরই হাসপাতালগুলো চালুর উদ্যোগ জোরদার হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।

জানা গেছে, নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার শিশু হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।