বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পাকুন্দিয়ায় সড়ক সংস্কারকাজ উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পাকুন্দিয়ায় সড়ক সংস্কারকাজ উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দিন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ১২ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে ৭ দশমিক ২ কিলোমিটার পাকুন্দিয়া-পুলেরঘাট (আদর্শপাড়া) সড়কের রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সড়কটির কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

২০২৬-২০২৭ অর্থবছরে ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সড়কটির রক্ষণাবেক্ষণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। সড়কটির উন্নয়নকাজ শেষ হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যানবাহন চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার দুপুরে পাকুন্দিয়া মডেল মসজিদ-সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সড়কটির কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের কর্নার থেকে আদর্শপাড়া হয়ে পুলেরঘাট পর্যন্ত সড়কটির রক্ষণাবেক্ষণকাজের প্রকল্প অনুমোদন হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও উন্নয়নের দাবি ছিল স্থানীয় মানুষের। জনসাধারণের যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ কাজ শুরু করা হয়েছে।

তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী কাজের মান বজায় রেখে যথাসময়ে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।

সড়কটির আগের রক্ষণাবেক্ষণকাজের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, অতীতে একাধিকবার সড়কটি মেরামত করা হলেও কিছুদিনের মধ্যেই বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সেতুর সংযোগস্থলে বারবার সমস্যা দেখা দিয়েছে। এবার কাজের গুণগত মান নিশ্চিত করে সড়কটিকে টেকসই করতে হবে, যাতে অল্প সময়ের মধ্যে আবারও সংস্কারের প্রয়োজন না হয়।

কাজের মান তদারকির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সড়ক রক্ষণাবেক্ষণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ করা হলে তা মেনে নেওয়া হবে না। কাজ চলাকালে কোথাও অনিয়ম কিংবা নিম্নমানের কাজ চোখে পড়লে সংশ্লিষ্ট প্রকৌশলী অথবা তাঁকে বিষয়টি জানানোর জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কটির ৭ হাজার ২০০ মিটার অংশে রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ করা হবে। এ জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার টাকা।

কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, সড়কটির ৭ দশমিক ২ কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণের জন্য সাড়ে ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যথাযথভাবে কাজ সম্পন্ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে আগামী চার বছর সড়কটি ভালো অবস্থায় রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কটি স্থানীয় মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কটির বেহাল অবস্থা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সড়কটি সংস্কার হলে এসব ক্ষেত্রে স্বস্তি ফিরবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ ও আবদুস সাত্তার, কিশোরগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী দশরথ চন্দ্র দে, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

হোসেনপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
হোসেনপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ইভ টিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, যানজট ও মাদক নির্মূলে করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।

সভায় গরুচুরি, জুয়া ও ছিনতাই প্রতিরোধের বিষয়েও আলোচনা করা হয়। এসব অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার পাশাপাশি ওয়ার্ডভিত্তিক সভা-সমাবেশ আয়োজনের প্রস্তাব দেন কমিটির সদস্যরা। একই সঙ্গে অপরাধের শাস্তি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:২১ অপরাহ্ণ
৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। এ জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে পরীক্ষা করাতে হবে। নির্ধারিত তারিখের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ অক্টোবরের আগে কোনো মেডিকেল পরীক্ষা করা হলে তা গ্রহণযোগ্য হবে না। এ ধরনের পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াকরণও করা হবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকায় পরিবর্তন আসতে পারে। এ ক্ষেত্রে তালিকা থেকে কোনো প্রতিষ্ঠান বাদ পড়তে পারে, আবার নতুন প্রতিষ্ঠানও যুক্ত হতে পারে।

মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। তবে কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে।

এ পরিস্থিতিতে এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে কর্মীদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র ও ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ করা, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত করা এবং মন্ত্রণালয়ের দেওয়া অনুমোদন বাতিল করার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

এ ছাড়া অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের বিষয়ে তথ্য-প্রমাণসহ secretary@probashi.gov.bd ইমেইল ঠিকানায় জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে।

কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আর্সেনালকে বিদায় করে ইতিহাস গড়ল ফ্লিটউড

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:২০ অপরাহ্ণ
আর্সেনালকে বিদায় করে ইতিহাস গড়ল ফ্লিটউড

ইংলিশ লিগ কাপে বড় অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। ইংল্যান্ডের চতুর্থ বিভাগের দল ফ্লিটউড টাউনের কাছে পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে মিকেল আর্তেতার দল। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে জয় তুলে নেয় ফ্লিটউড।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের ফ্লিটউডে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শুটআউটে আর্সেনালের হয়ে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারায়েস। তাঁর শট ঠেকিয়ে দেন ফ্লিটউডের গোলরক্ষক জে লিঞ্চ। এরপর কোনর হগি জয়সূচক পেনাল্টিতে গোল করলে উল্লাসে মেতে ওঠেন স্বাগতিক সমর্থকেরা।

ম্যাচের ২১ মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় ফ্লিটউড। বিরতির পর ৫০ মিনিটে ভিক্টর ইয়োকেরেস গোল করে আর্সেনালকে সমতায় ফেরান। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো দল গোল করতে পারেনি।

ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় হ্যারিসন নিলকে লাথি মারার ঘটনায় লাল কার্ড দেখেন আর্সেনালের ১৬ বছর বয়সী তরুণ ফুটবলার ম্যাক্স ডাওম্যান। ফলে ম্যাচের শেষ সময় ১০ জন নিয়ে খেলতে হয় আর্সেনালকে।

রবিবার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিয়মিত একাদশে বড় পরিবর্তন এনেছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এভারটনের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে নয়জনকে বদলে মাঠে নামান তিনি। তবে এই সিদ্ধান্তের মাশুল দিতে হলো লিগ কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে।

চতুর্থ বিভাগের দল ফ্লিটউড লিগ টুতে ১৮তম স্থানে থাকলেও শক্তিশালী আর্সেনালের বিপক্ষে শুরু থেকেই লড়াই করেছে। গোলরক্ষক জে লিঞ্চের দৃঢ়তা এবং টাইব্রেকারে খেলোয়াড়দের সাফল্যে স্মরণীয় জয় পায় দলটি। জয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন ফ্লিটউডের কোচ ম্যাট ললর। মাঠে নেমে উল্লাসে যোগ দেন সমর্থকেরাও।

এই হার আর্সেনালের জন্য বড় ধাক্কা। এর আগে শনিবার এভারটনকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সমান পয়েন্টে পৌঁছেছিল দলটি। কিন্তু লিগ কাপে অপেক্ষাকৃত নিচের বিভাগের দলের কাছে হেরে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে আর্তেতার শিষ্যদের।