রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় কিশোরগঞ্জে শীর্ষে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
এইচএসসি পরীক্ষায় কিশোরগঞ্জে শীর্ষে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জ জেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে বাজিতপুরের ভাগলপুর আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। প্রকাশিত ফলাফলের তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠানটির পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ।

ফলাফলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তাসলিমা মেমোরিয়াল কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ। ৮২ দশমিক ০৯ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রফিকুল ইসলাম মহিলা কলেজ। এ ছাড়া গুরুদয়াল সরকারি কলেজের পাসের হার ৮০ দশমিক ৫৮ শতাংশ এবং গচিহাটা কলেজের ৭০ শতাংশ।

অন্যদিকে, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের পাসের হার ৬২ দশমিক ৪২ শতাংশ। পাকুন্দিয়ার এম এ মান্নান মানিক কলেজের পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

জেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করায় আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সাফল্যে খুশি স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীরা।

কলেজের অধ্যক্ষ শেখ শাজাহান বলেন, পরিকল্পিত পাঠদান, নিয়মিত ক্লাস টেস্ট, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ এবং শ্রেণি কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, নিয়ম-শৃঙ্খলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ, শিক্ষকদের কঠোর পরিশ্রম, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সভা আয়োজন এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগই এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অধ্যক্ষ বলেন, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং জিপিএ-৫-এর সংখ্যা বাড়াতে বিদ্যমান প্রতিবন্ধকতা ও দুর্বলতাগুলো চিহ্নিত করে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

কলেজের সভাপতি মুস্তাফিজুর রহমান মন্টু বলেন, “এইচএসসি পরীক্ষায় কলেজের এমন সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তবে আমরা শুধু বর্তমান ফলাফলে সন্তুষ্ট থাকতে চাই না। আগামী দিনে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল এবং জিপিএ-৫-এর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে কলেজের শিক্ষার মান, পাঠদান পদ্ধতি, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক শৃঙ্খলা উন্নয়নে আমরা গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, “কলেজের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে আটটি উপকমিটি এবং একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছি। এসব কমিটির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিতকরণ, পাঠদান কার্যক্রমের তদারকি এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে কাজ করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে আরও এগিয়ে নেওয়া। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সঠিক পরিকল্পনা, নিয়মিত তদারকি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনেও কলেজটি শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলে আরও ভালো অবস্থানে পৌঁছাতে পারবে।

কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

শাহীন আলম প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

কিশোরগঞ্জ সদর উপজেলার ৭ নম্বর বিন্নাটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) বিন্নাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি লুৎফুল হক টিটু, ৭ নম্বর বিন্নাটি ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দুলাল মিয়া, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফারুক, সহসভাপতি ধনু মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকারুল ইসলাম বাপ্পি এবং বিন্নাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন।

এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে প্রকৃত উপকারভোগীদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও যাচাই করা সহজ হবে। তাঁরা তথ্য সংগ্রহ কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত কর্মীরা কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে বিন্নাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তথ্য সংগ্রহের কাজ সহজ, দ্রুত ও নির্ভুল করতে ইউনিয়নের নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিশেষ করে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং শিশুদের জন্মনিবন্ধন সনদ সঙ্গে রাখার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সার্বিক সহযোগিতায় তথ্য সংগ্রহ কার্যক্রম নির্ধারিতভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

শেখ হাসিনাসহ বিদেশে থাকা অপরাধীদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
শেখ হাসিনাসহ বিদেশে থাকা অপরাধীদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে

শেখ হাসিনাকে ‘বঙ্গশত্রু’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, শেখ হাসিনাসহ অপরাধ করে দেশের বাইরে অবস্থানকারীদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সাইমুম পারভেজ বলেন, ‘শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে আসতে পারবেন না। আর আসতে চানও না, আসলে।’

তুরস্কের আনতালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে রবিবার (২২ নভেম্বর) ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বর্তমান অবস্থা, গোপালগঞ্জের সহিংসতা, গণহত্যার বিচার ও রাজনৈতিক পুনর্মিলন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।

সাইমুম পারভেজ বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে চলমান সংকটের মূলে রয়েছে আদর্শিক সমস্যা। রাজনৈতিক জবাবদিহি, স্বচ্ছতা ও জনগণের সঙ্গে সম্পর্ক হারিয়ে আওয়ামী লীগের অবশিষ্ট অংশ এখন একটি ছোট ‘কাল্টে’ পরিণত হয়েছে। সেখানে শেখ হাসিনা, শেখ মুজিব ও তাঁদের পরিবারের সদস্যদের একধরনের দেবত্ব দেওয়া হয়েছে। তাঁদের নিয়ে প্রশ্ন তোলারও সুযোগ নেই।

গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নিজেদেরই হাসপাতাল ভাঙছে, নিজেদেরই রাস্তাঘাট কাটছে, নিজেদেরই দোকানপাট বন্ধ করে রাখছে।’ একটি শহর বা জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে যেসব কার্যক্রম প্রয়োজন, সেগুলো তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর প্রশ্ন, ‘এর ফলে আসলে কার কী উপকার হচ্ছে?’

আন্দোলন মোকাবেলায় বিএনপি সরকারের সঙ্গে আগের সরকারের পার্থক্য তুলে ধরে সাইমুম পারভেজ বলেন, সরকার রাষ্ট্রীয় সহিংসতার পথে যেতে চায় না; জনগণকে সঙ্গে নিয়েই পরিস্থিতি মোকাবেলা করতে চায়। আওয়ামী লীগের অবশিষ্ট অংশ রাজনৈতিক সহিংসতায় জড়িত একটি ছোট গোষ্ঠীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কয়েকটি এলাকায় গুপ্ত হামলা চালিয়ে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

দেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে বামপন্থী, ডানপন্থী, জামায়াত ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের সহিংসতা মোকাবেলার প্রশ্নে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে বলে দাবি করেন সাইমুম পারভেজ।

আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, গণহত্যার পর অপরাধের দায় অস্বীকার করলে এবং অনুশোচনা না থাকলে রাজনৈতিক পুনর্মিলন সম্ভব নয়। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে জনগণের সঙ্গে বোঝাপড়ায় আসতে হবে। যারা অপরাধ করেছেন, তাঁদের আগে অপরাধ স্বীকার করতে হবে। একই সঙ্গে গণহত্যার জন্য দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানকারীদের বিচারের বিষয়ে তিনি বলেন, যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কিংবা হত্যার নির্দেশ দিয়েছেন, স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাঁদের অপরাধ অনুযায়ী শাস্তি নির্ধারণ করা হবে। আদালত ফাঁসি, যাবজ্জীবন বা অন্য যে সাজাই দেন, তা কার্যকর করা হবে। জনগণকে সঙ্গে নিয়েই সরকার এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে সাইমুম পারভেজ বলেন, দলটি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় রাজনীতি করেছে। সরকার এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় কিংবা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাঁদের সমাজে পুনর্বাসনের চেষ্টা থাকবে।

এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকা ও রুয়ান্ডার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পুনর্মিলনের জন্য অপরাধীদের দায় স্বীকার করতে হয়। অপরাধ অস্বীকার কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পুনর্মিলনের পথ তৈরি হয় না

এদিকে কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮০ কোটি টাকার জলবায়ু অর্থায়ন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ড. সাইমুম পারভেজ। এ ছাড়া আরও প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, জলবায়ু খাতে বিনিয়োগের জন্য জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে বাংলাদেশ তিন কোটি মার্কিন ডলার পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৬৫ কোটি টাকা।

এ ছাড়া জি-৭ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগ ‘গ্লোবাল শিল্ড অ্যাগেইনস্ট ক্লাইমেট রিস্কস’-এর আওতায় বাংলাদেশকে তিন কোটি ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সাইমুম পারভেজ বলেন, জলবায়ু ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি জোরদার করাই এ অর্থায়নের উদ্দেশ্য। দুর্যোগের আগেই অর্থের ব্যবস্থা রাখা গেলে ক্ষয়ক্ষতির পর দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, গ্লোবাল শিল্ডের আওতায় অতিরিক্ত দুই কোটি ইউরো বা প্রায় ২৭৫ কোটি টাকার অর্থায়ন প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম পর্যায়ের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ এ অর্থ পেতে পারে।

সিআইএফ ও গ্লোবাল শিল্ডের ঘোষিত অর্থায়ন মিলিয়ে বাংলাদেশ প্রায় ৭৮০ কোটি টাকা পাচ্ছে। প্রক্রিয়াধীন অর্থায়নও পাওয়া গেলে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকা।

মানবিক বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
মানবিক বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হবে প্রধান পরিচয়—এমন মন্তব্য করেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।’

প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমান শুভ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শাহরিয়ারের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাঁকে হারাতে হয়েছে। তিনি শাহরিয়ারের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।

গত ১৫ নভেম্বর ভোরে কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় আগুনের সূত্রপাত হয়। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নিহত হন। পুড়ে যায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় রবিবার আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের সংসদীয় প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।