একসময় যে গানে রাত জাগত গ্রাম, সময়ের পরিক্রমায় সেই জারি গানই হারিয়ে যেতে বসেছে। আধুনিক বিনোদনের ভিড়ে কমেছে লোকজ এই সংগীতের চর্চাও। তবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বসেছিল জারি গানের আসর। গান ও সুরের মূর্ছনায় মাতেন হাজারো নারী-পুরুষ। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা সাংস্কৃতিক আবহ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সৈয়দগাঁও চৌরাস্তা যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, জারি গান বাংলার গ্রামীণ জনপদের সমৃদ্ধ লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। একসময় শীত মৌসুমে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়মিত বসত জারি গানের আসর। রাতভর চলত গান, পালাগান ও প্রতিযোগিতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এ আয়োজন অনেকটাই কমে গেছে। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতির পরিচয় তুলে ধরা এবং হারিয়ে যেতে বসা ঐতিহ্য টিকিয়ে রাখতেই তাঁদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার মানুষের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
জারি গান দেখতে আসা আয়ুব আলী বলেন, ‘আগে শীতের মৌসুমে প্রায় প্রতিটি এলাকায় জারি গানের আসর বসত। আমিও পাটুয়াভাঙ্গা ও মির্জাপুরসহ দূর-দূরান্তে জারি গান দেখতে যেতাম। কখনো রাত ১০টায়, কখনো ১২টায়, আবার কখনো রাত ১টায় বাড়ি ফিরতাম।’
তিনি আরও বলেন, ‘তখন রাত জেগে গান দেখে ফিরলেও পরিবারের কেউ বকাঝকা করতেন না। কিন্তু সময়ের সঙ্গে এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। মোবাইল ফোনের ব্যবহার বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ মনে করি। এখনকার অনেক তরুণ জারি গান সম্পর্কে জানেই না। আগের মতো নিয়মিত আয়োজনও আর চোখে পড়ে না।’
নতুন প্রজন্মের মধ্যেও জারি গানের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে জানিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিয়াম বলে, ‘জীবনে প্রথমবারের মতো জারি গান দেখতে এসেছি। আগে কখনো সরাসরি দেখিনি। এখানে জারি গানের আয়োজন হচ্ছে শুনে বন্ধুদের নিয়ে দেখতে এসেছি। জারি গান কেমন হয়, তা জানার আগ্রহ ছিল। এসে দেখি অনেক মানুষের সমাগম। পুরো আয়োজনটি আমার কাছে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও এমন আয়োজন হলে আবারও দেখতে আসব।’
পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বলেন, ‘নতুন প্রজন্মের কাছে পুরোনো সংস্কৃতিকে নতুন ধারায় ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তিসহ বিভিন্ন নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে চাই। এ লক্ষ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সহযোগিতায় মাঠপর্যায়ে কাজ করছি। যুবসমাজকে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সবার সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানের উদ্বোধক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ বলেন, ‘আমাদের এলাকায় জারি গানের ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। পাকুন্দিয়া সদর ও কলেজসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে এমন আয়োজন হয়নি। অনেকেই আছেন, যাঁরা জীবনে কখনো সরাসরি জারি গান দেখেননি। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে মা-বোনসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি সত্যিই আনন্দের।’
হাফিজুল ইসলাম ছাদির সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক, পৌর ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌসসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Disqus comments are not configured yet.